10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথ্রো থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন স্টেপনী গ্রিনের ইয়াসমিন বেগম

লন্ডনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি নারী ইয়াসমিন বেগম (৪০)। তিনি পূর্ব লন্ডনের স্টেপনী গ্রিন এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার দিবাগত রাতে M11 মটরওয়ের হারলো এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্র জানায়, ইয়াসমিন বেগম সম্প্রতি তার এক বান্ধবীর সঙ্গে তুরস্কে হলিডে কাটাতে গিয়েছিলেন। ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তারা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফিরে আসেন। সেখান থেকে তাদেরকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিতে যান বান্ধবীর স্বামী।

স্টেপনী গ্রিনে ফেরার পথে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হারলো এলাকার M11 মটরওয়েতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় ইয়াসমিন বেগমকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় আহত অন্য দুইজন—বান্ধবী ও তার স্বামী—বর্তমানে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ইয়াসমিন বেগম স্থানীয় একটি স্কুলে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন দুই সন্তানের জননী—চার বছরের একটি মেয়ে এবং সাত বা আট বছরের একটি ছেলে রয়েছে তার। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি স্টেপনী গ্রিন এলাকায় বসবাস করতেন। ইয়াসমিনের জন্মও লন্ডনের স্টেপনী এলাকায়। তার স্বামীর বাড়ি সিলেট সদর উপজেলায়।

পরিবারের একজন আত্মীয় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াসমিন বেগমের মরদেহ বর্তমানে হারলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই মর্মান্তিক ঘটনায় স্টেপনী গ্রিন এলাকায় এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ইংল্যান্ডে আবাসন সংকট মোকাবেলায় বাসাভাড়ায় ক্যাপ প্রবর্তনের আহ্বান

যুক্তরাজ্য ভ্রমণে ৪০ দেশের নিষেধাজ্ঞা

৬৪৭টি আবেদন শেষে চাকরি, তীব্র প্রতিযোগিতায় হতাশ ব্রিটিশ গ্র্যাজুয়েটরা