18.4 C
London
September 24, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২ লাখ কর্ম-অভিজ্ঞতার সুযোগ তৈরির লক্ষ্যঃ যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন

কর্মজীবনের জন্য কিশোর-কিশোরীদের আরও ভালোভাবে প্রস্তুত করতে ইংল্যান্ডের স্কুলগুলোতে নতুন বৃত্তিমূলক জিসিএসই চালুর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। ২০২৯ সাল থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা বিদ্যমান মূল একাডেমিক বিষয়ের পাশাপাশি নির্মাণ ও বিল্ডিং, ব্যবসা ব্যবস্থাপনা ও অর্থনীতি এবং শিশু বিকাশের মতো বৃত্তিমূলক বিষয় পড়ার সুযোগ পেতে পারে।

শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনের পাশাপাশি ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য ২ লাখ কর্ম-অভিজ্ঞতার সুযোগ তৈরিতে নিয়োগকর্তাদের সহায়তা করার একটি জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন সরকারের শিক্ষা সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন বৃত্তিমূলক জিসিএসইর মান জাতীয় পর্যায়ে নির্ধারণ করবে শিক্ষা ও যোগ্যতা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। এর ফলে এসব যোগ্যতার গ্রেড অন্যান্য জিসিএসইর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার ব্যবস্থা থাকবে। ধীরে ধীরে বর্তমান বিটেক টেক অ্যাওয়ার্ডের মতো সমমানের কিছু যোগ্যতার জায়গা নতুন বৃত্তিমূলক জিসিএসই নিতে পারে।

নতুন ব্যবস্থায় ১৬ বছর বয়সের পর শিক্ষার্থীদের জন্য একই ধরনের বিষয়ে কলেজে উচ্চতর পর্যায়ের পড়াশোনায় যাওয়ার পথও তৈরি করা হবে। এর সঙ্গে নতুন ভি-লেভেল এবং টি-লেভেলের মতো পরবর্তী পর্যায়ের কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতার সংযোগ থাকবে। ভি-লেভেল ২০২৭ সালের শরৎকাল থেকে কলেজগুলোতে চালুর কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেছেন, নতুন বৃত্তিমূলক জিসিএসই তরুণদের ক্যারিয়ারের সঙ্গে শিক্ষার আরও শক্তিশালী সংযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও এই উদ্যোগকে এমন একটি শিক্ষাব্যবস্থার পরিবর্তন হিসেবে তুলে ধরেছেন, যেখানে সব শিক্ষার্থীর জন্য একই ধরনের পথ অনুসরণ করার পরিবর্তে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আলাদা পথ তৈরি করা হবে।

বিবিসি ব্রেকফাস্টকে পাওয়েল বলেন, স্থানীয় এলাকায় যেসব চাকরির সুযোগ রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলো নির্দিষ্ট বৃত্তিমূলক বিষয়ে বিশেষায়িত হতে পারবে। একই সঙ্গে বর্তমান যোগ্যতাগুলোর মর্যাদা, সম্মান ও স্বীকৃতি বাড়ানোর লক্ষ্যেও কাজ করা হবে।

নতুন কোর্স চালু করতে স্কুলগুলোর অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতের সঙ্গে কাজ করে পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য করবে এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করবে।

ইংল্যান্ডে বর্তমানে ১৬ বছর বয়সে বৃত্তিমূলক বিষয়ে নেওয়া যোগ্যতা মোট এন্ট্রির প্রায় ৭ শতাংশ। হাতে-কলমে শেখার বিষয় হিসেবে একটি স্কুল কতগুলো কোর্স দেবে, সেটি বর্তমানে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

পূর্ব ম্যানচেস্টারের গর্টনে অবস্থিত রাইট রবিনসন কলেজ ইতোমধ্যে দশম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১০টি ব্যবহারিক ও বৃত্তিমূলক বিষয় চালু রেখেছে।

কলেজটির একাদশ বর্ষের শিক্ষার্থী ডেইজি বর্তমানে বিটেক লেভেল-২ পর্যায়ে ব্যবসায়িক শিক্ষা পড়ছে। তার মতে, এই কোর্স তাকে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। ভবিষ্যতে একই বিষয়ে এ-লেভেল পড়াশোনার জন্যও এটি তাকে প্রস্তুত করছে।

আরেক শিক্ষার্থী সারজো ভবিষ্যতে কেবিন ক্রু হিসেবে কাজ করতে চায়। সে জিসিএসইর পাশাপাশি হসপিটালিটি ও ক্যাটারিং বিষয়ে বিটেক লেভেল-২ পড়ছে। তার মতে, ব্যবহারিক বিষয়গুলোতে সে দ্রুত শিখতে পারে এবং মূল একাডেমিক বিষয়ের পাশাপাশি পছন্দের ব্যবহারিক বিষয় পড়ার সুযোগ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

রাইট রবিনসন কলেজের নির্বাহী প্রধান শিক্ষক মার্টিন হাওর্থ বলেন, নতুন যোগ্যতাগুলোকে বিদ্যমান শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত মূল্য যোগ করতে হবে। তার মতে, এগুলোকে জিসিএসই হিসেবে পরিচিতি দেওয়া হলে এসব যোগ্যতার গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

তবে তিনি বলেন, কোর্স ও পরীক্ষাগুলো যথাযথ মানসম্পন্ন করতে হলে স্কুলগুলোকে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ করতে হবে। ব্যবহারিক শিক্ষার জন্য শ্রেণিকক্ষ পরিবর্তন করতেও স্কুলগুলোর অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

ইন্ডিপেন্ডেট গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের নতুন বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সময়ের মধ্যে শিক্ষার্থীপ্রতি স্কুল বাজেট বাস্তব অর্থমূল্যে ৯ শতাংশ বাড়ছে। এর পেছনে সরকারের বিভিন্ন অতিরিক্ত অর্থায়ন এবং কিছু এলাকায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি ভূমিকা রাখছে।

অর্থনীতিবিদ লুক সিবিয়েটা বলেন, স্কুলগুলোকে আরও বেশি বৃত্তিমূলক শিক্ষার সুযোগ দিতে বলা হলে এটি একটি বড় পরিবর্তন হবে। একই সময়ে বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ব্যবস্থাতেও বড় ধরনের সংস্কার চলছে।

তিনি আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক বিষয় পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আরও শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষক নিয়োগে সমস্যার মুখোমুখি হচ্ছে।

অ্যাসোসিয়েশন অব কলেজেস স্কুলগুলোকে আরও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে। সংগঠনটির মতে, কলেজগুলো শিল্পমানের সুবিধা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক সরবরাহ করতে পারে। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শিক্ষা পেতে পারে।

ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের ড্যানিয়েল কেবেদে নতুন যোগ্যতাগুলো সফল করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্সের পেপে দি’ইয়াসিও সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালেও বলেন, পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা না হলে তরুণদের সামনে থাকা শিক্ষাগত বাধাগুলো দূর করা কঠিন হবে।

এদিকে ১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য কর্ম-অভিজ্ঞতার সুযোগ বাড়ানোর উদ্যোগও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ইংল্যান্ডের মাধ্যমিক স্কুলগুলোর বিদ্যমান ক্যারিয়ার নির্দেশিকায় ইতোমধ্যে এই বয়সী শিক্ষার্থীদের জন্য ‘অর্থবহ’ কর্ম-অভিজ্ঞতার ব্যবস্থা করার কথা রয়েছে।

এখন নিয়োগকর্তাদের স্থানীয় ক্যারিয়ার হাবের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের জন্য কর্ম-অভিজ্ঞতার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তবে কনজারভেটিভ পার্টি এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলটির ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট দাবি করেছেন, নতুন ব্যবস্থার কারণে ইংল্যান্ডের শিক্ষার মানোন্নয়নে সাম্প্রতিক বছরগুলোর অগ্রগতি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

লিবারেল ডেমোক্র্যাটরাও সতর্ক করে বলেছে, নতুন বৃত্তিমূলক জিসিএসই যেন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের একাডেমিক বিষয়ের পরিবর্তে বৃত্তিমূলক শিক্ষার দিকে পরিচালিত করার একটি ব্যবস্থা হয়ে না ওঠে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বৃত্তিমূলক জিসিএসইর মাধ্যমে স্কুল পর্যায় থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৯ সাল থেকে এর বাস্তবায়ন শুরু হলে শিক্ষার্থীদের স্কুল থেকে কলেজ এবং পরবর্তী কর্মজীবনের দিকে যাওয়ার জন্য একটি ধারাবাহিক যোগ্যতার পথ তৈরির পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে ‘অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইবের মহামারি’, প্রতিদিন জরুরি বিভাগে ছুটছেন ১,০০০ প্রবীণ

গর্ভবতী নারীদেরও কোভিড ভ্যাকসিন গ্রহণের আহ্বান যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে ফ্লাইট বিশৃঙ্খলায় হাজারো যাত্রী আটকা, দুর্বল যোগাযোগে ক্ষোভ প্রকাশ