অস্ট্রেলিয়ার ট্রেন্ট কার্টার নামের এক ব্যক্তি কেমার্ট স্টোরের বাইরে এক বয়স্ক দম্পতিকে একটি পণ্য চুরির অভিযোগ করায় অনলাইনে বিতর্ক শুরু হয়েছে। দম্পতির হাতে থাকা পণ্যের বাক্সে তখনও অ্যান্টি-থেফট সেন্সর লাগানো ছিল বলে দাবি করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রেন্ট কার্টার বয়স্ক দম্পতির কাছে গিয়ে তাদের সঙ্গে থাকা পণ্যের বাক্সে লাগানো নিরাপত্তা সেন্সরের দিকে ইঙ্গিত করছেন এবং পণ্যটি চুরি করা হয়েছে বলে অভিযোগ করছেন।
তবে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করা এক নারী জানান, ওই দম্পতি আসলে চেকআউট কাউন্টারে পণ্যটির মূল্য পরিশোধ করেছিলেন। তার দাবি, পণ্যটির নিরাপত্তা ট্যাগ খুলে ফেলা প্রয়োজন—এ বিষয়টি দম্পতি জানতেন না।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ওই বয়স্ক দম্পতিকে প্রকাশ্যে চুরির অভিযোগে অভিযুক্ত করার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।
জি নিউজ ইংলিশ জানিয়েছে, ভিডিওটি এবং এতে করা দাবিগুলো একটি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে নেওয়া হয়েছে। ভিডিওতে থাকা ঘটনা, ব্যক্তিদের পরিচয় এবং পণ্যটির মালিকানা বা জাতীয়তা সম্পর্কিত দাবিগুলো যাচাই করা হয়নি।
সূত্রঃ ইন্ডিয়া টুডে\ জি নিউজ
এমকে

