TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সাবেক খতিব আটকঃ চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতেও আগুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। দুটি ঘটনা ঘিরেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমীনকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তখনো সিদ্ধান্ত হয়নি।
মুফতি রুহুল আমীন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দেড় মাস পর ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে ফিরে জুমার নামাজ পড়ানোর চেষ্টা করেন। এ সময় খুতবা ও নামাজ পড়ানোকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর তাকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়।
আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন তিনি। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তিনি এলাকায় প্রচারণা চালিয়েছিলেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগে। বাড়িটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়,অগ্নিকাণ্ডে আওয়ামীলীগের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
সূত্রঃ প্রথম আলো\ এই সময়
এমকে

আরো পড়ুন

রাজনগরের কামারচাক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

আওয়ামী সরকারের সহযোগী হিসাবে গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

সৌদি যেতে সব খরচ নিয়োগকর্তা দেয়, ফ্রি ভিসা বলে কিছু নেই: সৌদি রাষ্ট্রদূত