9.4 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আমেরিকা কি নিজের স্বার্থে, নাকি ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে—মার্কিন জনগণকে প্রশ্ন ইরান

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে এক খোলা চিঠি প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন—যুক্তরাষ্ট্র কি সত্যিই নিজের স্বার্থ রক্ষায় কাজ করছে, নাকি ইসরায়েলের প্রভাবেই এই যুদ্ধে জড়িয়েছে।

চিঠিটি এমন সময়ে প্রকাশ করা হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস ধরে চলা যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পেজেশকিয়ান তার বার্তায় দাবি করেন, গাজায় নিজেদের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে ইসরায়েল ইরানকে হুমকি হিসেবে তুলে ধরেছে। একই সঙ্গে এখন সেই সংঘাতের দায়ভার যুক্তরাষ্ট্রের সেনা ও করদাতাদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।

চিঠিতে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের প্রতিনিধি হয়ে এই আগ্রাসনে অংশ নিচ্ছে এবং সেই রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হচ্ছে—এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মতে, ইসরায়েল এমন এক কৌশল নিচ্ছে, যার মাধ্যমে শেষ পর্যন্ত মার্কিন সেনা ও অর্থ ব্যবহার করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চায়।

তিনি মার্কিন জনগণকে আহ্বান জানান, “কৃত্রিমভাবে তৈরি বয়ান” থেকে বের হয়ে এসে এই যুদ্ধ আসলে কার স্বার্থে পরিচালিত হচ্ছে—তা গভীরভাবে বিবেচনা করার জন্য।

পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, ইরান কূটনৈতিক সমাধানের পথেই ছিল এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে এসে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা তিনি “ধ্বংসাত্মক” বলে অভিহিত করেন। তার মতে, এই সিদ্ধান্ত একটি বিদেশি আগ্রাসীর স্বার্থ পূরণ করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি মার্কিন জনগণের উদ্দেশ্যে ইরান প্রেসিডেন্টের সবচেয়ে সরাসরি ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা। এতে শুধু বর্তমান সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনাও প্রশ্নের মুখে পড়েছে।

বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

বয়কটের ধাক্কায় ইসরাইলের ২২৫টি ম্যাকডোনাল্ডস বিক্রি!

ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ

অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে গ্রিস