ইংল্যান্ডে বৈদ্যুতিক গাড়ির মালিক ও চালকদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন বাড়ির ড্রাইভওয়েতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট স্থাপনের জন্য আলাদা করে পরিকল্পনা অনুমোদনের আবেদন করতে হবে না। সরকারের প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে ব্যক্তিগত ও সরকারি—উভয় ধরনের বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট স্থাপনের ক্ষেত্রে আগের পরিকল্পনা আবেদন প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ধাপ কমানোর ফলে চার্জিং অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করা সম্ভব হবে।
সড়কবিষয়ক মন্ত্রী লিলিয়ান গ্রিনউড বলেন, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে চার্জিং পয়েন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এর ফলে চালক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করতে আগ্রহী মানুষের জন্য আরও বেশি চার্জিং সুবিধা তৈরি হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে।
ইভিএ ইংল্যান্ডের প্রধান নির্বাহী ভিকি এডমন্ডস এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, সরকারি ও ব্যক্তিগত—দুই ক্ষেত্রেই চার্জিং অবকাঠামো স্থাপন সহজ করা বৈদ্যুতিক গাড়িতে মানুষের স্থানান্তর ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ।
তবে ড্রাইভওয়ে নেই—এমন বাড়ির বাসিন্দাদের জন্য এখনও সমস্যা রয়ে গেছে বলে সতর্ক করেছেন তিনি। বিশেষ করে কম খরচে ও সুবিধাজনকভাবে চার্জ দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ফুটপাতের ওপর দিয়ে চার্জিং সংযোগ নেওয়ার ব্যবস্থা বাড়ানো এবং ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের অধিকার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সড়কনীতি বিভাগের প্রধান জ্যাক কুজেন্সও পরিকল্পনা অনুমোদনের বাধা তুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, এতে বাড়ি ও অন্যান্য স্থানে ইভি চার্জার স্থাপনের গতি বাড়তে পারে।
তবে চার্জার স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ গ্রিডে দ্রুত সংযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং যেখানে নির্দিষ্ট অফ-স্ট্রিট পার্কিং নেই, সেখানে বিদ্যুৎ সংযোগের সক্ষমতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ভোক্তা অধিকার সংগঠন হুইচ?-এর নীতি ও অ্যাডভোকেসি বিভাগের পরিচালক রোসিও কনচা নতুন নিয়মকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। চার্জিং নেটওয়ার্ক প্রতিষ্ঠান অসপ্রে চার্জিং নেটওয়ার্কও পরিবর্তনটিকে বাস্তব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর বলে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে, আরএসি-র রড ডেনিস সতর্ক করেছেন যে শুধু চার্জার স্থাপনের অনুমোদন সহজ করলেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপকভাবে বাড়বে না। তাঁর মতে, পাবলিক চার্জিংয়ের তুলনামূলক বেশি খরচ এখনও বড় বাধা। বৈদ্যুতিক গাড়িতে মানুষের আগ্রহ বাড়াতে হলে চার্জিংয়ের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
ইংল্যান্ডে বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো ইতোমধ্যে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শেষে যুক্তরাজ্যে ৭৫ হাজারের বেশি পাবলিক ইভি চার্জিং পয়েন্ট ছিল, যা আগের বছরের তুলনায় ৩২ শতাংশ বেশি।
নতুন নিয়মের ফলে এখন নিজস্ব ড্রাইভওয়ে থাকা বাড়ির মালিকদের জন্য ইভি চার্জার স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বাধা দূর হলো। সরকারের প্রত্যাশা, কম কাগজপত্র ও দ্রুত অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত চার্জিং সুবিধা বাড়বে এবং দেশটির বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থায় রূপান্তর আরও দ্রুত হবে।
সূত্রঃ বার্মিংহাম লাইভ
এম.কে

