TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউকের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জায়গা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইজেরীয় কেয়ারকর্মী

ব্রিটিশ সরকারের বিতর্কিত অভিবাসন সংস্কার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নাইজেরীয় এক কেয়ারকর্মী। কলাদে নামের ওই কর্মীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তার উপস্থিতি উপযুক্ত হবে না বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর। এর পরিপ্রেক্ষিতে বৈঠকটি বাতিল করে কর্মী ইউনিয়ন ইউনিসন।

২০২২ সালে স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্রিটেনে আসেন কলাদে। অভিবাসী কেয়ারকর্মীদের অধিকার ও সরকারের প্রস্তাবিত স্থায়ী বসবাসের নিয়ম নিয়ে আলোচনার জন্য ইউনিসনের সাধারণ সম্পাদক আন্দ্রেয়া ইগানের সঙ্গে তার ওই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল।

কলাদে বৈঠকে তুলে ধরতে চেয়েছিলেন, অভিবাসী কেয়ারকর্মীরা কীভাবে ব্রিটেনের সামাজিক পরিচর্যা ব্যবস্থায় অবদান রাখছেন এবং নতুন স্থায়ী বসবাসের নিয়ম তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। তবে স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর তার অংশগ্রহণকে অনুপযুক্ত বলে জানায়। ফলে ইউনিসন বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ সরকার কিছু কেয়ারকর্মীর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা আইএলআর পাওয়ার যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার বিষয়টি বিবেচনা করছে। প্রস্তাবটি কার্যকর হলে সংশ্লিষ্ট অভিবাসী কর্মীদের স্থায়ী বসবাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।

ইউনিসনের আশঙ্কা, এ ধরনের পরিবর্তন কার্যকর হলে অভিজ্ঞ কেয়ারকর্মীরা ব্রিটেন ছাড়তে বাধ্য হতে পারেন। এতে দেশটির সামাজিক পরিচর্যা খাতের কর্মী সংকট আরও বাড়তে পারে। সংগঠনটি অভিবাসী কেয়ারকর্মীদের জন্য বর্তমান পাঁচ বছরের স্থায়ী বসবাসের পথ বহাল রাখার দাবি জানিয়েছে।

অন্যদিকে, সরকার জানিয়েছে, অভিবাসন সংস্কার নিয়ে পরামর্শ প্রক্রিয়ায় জমা পড়া দুই লাখের বেশি মতামত পর্যালোচনা করা হচ্ছে। একজন ব্যক্তির বক্তব্যকে অন্যদের মতামতের চেয়ে অগ্রাধিকার দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর।

প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারের এই পরামর্শ প্রক্রিয়ায় জমা পড়া মতামতগুলো বিবেচনা করা হবে।

সূত্রঃ ইউনিসন

এমকে

আরো পড়ুন

নতুন প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠক, বিদ্যুৎ বিলের ভ্যাট বিতর্কে নীরব মন্ত্রীরা

মানবাধিকার ভঙ্গের অভিযোগে গাজার দুই পরিবারের মামলা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে

হোমঅফিসকে অযৌক্তিক কাজের জন্য আইনি হুমকি দিলো যুক্তরাজ্য দাতব্য সংস্থা