TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

ইউরোপজুড়ে কোরআনের শিক্ষা বিস্তারে নতুন উদ্যোগঃ লন্ডনে যাত্রা শুরু ফুলতলী ট্রাস্টের

যুক্তরাজ্য ও ইউরোপে পবিত্র কোরআনের বিশুদ্ধ শিক্ষা, তিলাওয়াত, তাজবিদ ও হিফজ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অ্যান্ড ইউরোপ। একই অনুষ্ঠানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ইউকে অ্যান্ড ইউরোপের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের মার্চ মাসে লন্ডনে। এতে উমরাহসহ আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন লাইব্রেরি হলের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

 

মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান এবং ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সেক্রেটারি হাফিজ মাওলানা হেলাল উদ্দিন। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শাখার নাজিম, সংগঠক, প্রধান ক্বারী, আলেম-উলামা, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে ৭০টির বেশি শাখার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অ্যান্ড ইউরোপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ট্রাস্টের লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, পরিচালনাপদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত দারুল কিরাতের শাখাগুলোকে একটি সমন্বিত সাংগঠনিক কাঠামোর আওতায় নিয়ে আসা এবং কোরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তারের কার্যক্রমকে আরও গতিশীল করাই এ ট্রাস্ট প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, তাজবিদ ও কিরাতের শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মের কাছে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ট্রাস্টের অধীনে ইউকে ও ইউরোপের বিভিন্ন দেশে পরিচালিত শাখাগুলোর কার্যক্রম তদারকি, শিক্ষকদের সঙ্গে সমন্বয়, সাংগঠনিক দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ট্রাস্টটির কেন্দ্রীয় কার্যক্রম যুক্তরাজ্য থেকে পরিচালিত হবে। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত দারুল কিরাতের শাখাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট প্রতিটি দেশে একজন করে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও স্থানীয় শাখাগুলোর মধ্যে যোগাযোগ, কার্যক্রমের ধারাবাহিকতা এবং সাংগঠনিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যবিশিষ্ট একটি বোর্ড মনোনীত করা হয়। কার্যক্রম আরও গতিশীল করতে পর্যায়ক্রমে অন্যান্য প্রয়োজনীয় পদেও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বাংলাদেশে ট্রাস্ট ও বোর্ড পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন, বাস্তব চ্যালেঞ্জ এবং কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। যুক্তরাজ্য ও ইউরোপে নতুন ট্রাস্টের কার্যক্রম বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতালব্ধ বক্তব্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ইউকে অ্যান্ড ইউরোপের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় বোর্ডের চেয়ারম্যান মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী বোর্ডের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, কোরআনে কারিমের হিফজকে উৎসাহিত করা, হাফিজে কোরআনদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ সৃষ্টি, হিফজ শিক্ষার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ানোই এ বোর্ডের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও হিফজ প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যোগ্য হাফিজ তৈরিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ পর্বের অন্যতম আকর্ষণ ছিল হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের ঘোষণা। ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ইউকে অ্যান্ড ইউরোপের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালে ২০২৭ সালের মার্চ মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উমরাহসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে হাফিজে কোরআনদের প্রতিভা বিকাশ, বিশুদ্ধভাবে কোরআন মুখস্থ ও তিলাওয়াতের চর্চা এবং কোরআনের খেদমতে নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী কোরআনের খেদমতের গুরুত্ব, মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে আধ্যাত্মিক নসিহত পেশ করেন। তিনি বলেন, পবিত্র কোরআনের সঙ্গে সম্পর্ক কেবল তিলাওয়াত, হিফজ কিংবা শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কোরআনের শিক্ষা নিজের জীবনে ধারণ করা, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিশুদ্ধভাবে কোরআনের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে আজীবন নিয়োজিত থাকাই প্রকৃত কোরআনিক খেদমত।

এ মহান দায়িত্ব পালনে ইখলাস, নিষ্ঠা, আদব, ধৈর্য ও ত্যাগের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, তাদের পীর ও মুরশিদ হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) তাঁর সমগ্র জীবন পবিত্র কোরআনের খেদমতে উৎসর্গ করেছিলেন।

তিনি বলেন, কোরআনের বিশুদ্ধ শিক্ষা, তাজবিদ ও কিরাতের প্রসার এবং অসংখ্য শিক্ষার্থী ও ক্বারী গড়ে তোলার ক্ষেত্রে ফুলতলী ছাহেব কিবলাহর অবদান অনন্য। তাঁর প্রতিষ্ঠিত কোরআনিক শিক্ষার ধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা সবার দায়িত্ব।

উপস্থিত আলেম-উলামা, শিক্ষক, নাজিম ও দায়িত্বশীলদের উদ্দেশে তিনি আরও বলেন, কোরআনের খেদমতের দায়িত্বকে পদমর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় হিসেবে না দেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি আমানত হিসেবে গ্রহণ করতে হবে। পারস্পরিক ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে এ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নতুন ট্রাস্ট ও বোর্ডের সার্বিক সাফল্য, সংশ্লিষ্ট সবার নিষ্ঠাপূর্ণ খেদমত এবং কোরআনের শিক্ষার ব্যাপক প্রসারের জন্য বিশেষ দোয়া করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা ইলিয়াস হুসাইন, মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবদুল কাহহার, হাফিজ মাওলানা আনহার আহমদ, মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মাওলানা কয়েস উজ জামান, খুরশিদ-উল হক, হাজী আবদুস সালাম, মাওলানা রফিক আহমদ, মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী, মুফতি আব্দুর রহমান নিজামি, মাওলানা ফয়সাল আহমদ হানাফী, মাওলানা মাহমুদুল হাসান, হাজী আবুল কাশেম, শওকত হোসাইন সিদ্দিকী, ক্বারি আব্দুল আহাদ, মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, সদরুল ইসলাম, হাফিজ মাওলানা আবুল হাসান, হাফিজ সায়েম আহমদ, ক্বারি আব্দুল মুহিত, হাফিজ আসকির মিয়া, মোহাম্মদ আবুল কালাম, হাফিজ শামসুজ্জামান সুহেল, মাওলানা বেলালুর রহমান, হাফিজ সায়েম হোসাইন, কারী গিলমান বাকী বিল্লাহ, হাফিজ মনসুর আহমদ, কামরুজ্জামান, মাওলানা রাফি আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন ও নজরুল ইসলাম গজনবীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে যুক্তরাজ্যের বিভিন্ন শাখার নাজিম, সংগঠক ও প্রধান ক্বারীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। তারা নতুন ট্রাস্ট ও হিফজুল কোরআন বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং যুক্তরাজ্য ও ইউরোপে কোরআনের শিক্ষা সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তাদের মতে, দারুল কিরাতের প্রতিষ্ঠিত ঐতিহ্য ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মের কাছে পবিত্র কোরআনের বিশুদ্ধ শিক্ষা পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অ্যান্ড ইউরোপ এবং ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে কোরআনের শিক্ষা, হিফজ, তাজবিদ ও কিরাতের কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে। একই সঙ্গে হযরত আল্লামা ফুলতলী (রহ.)-এর রেখে যাওয়া কোরআনিক খেদমতের ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমকে

আরো পড়ুন

‘ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট’ বন্ধ করছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন

টিকটকে ট্রলের শিকার হয়ে যুক্তরাজ্য-ফ্রান্সে যন্ত্রণার জীবন বাংলাদেশি নারীদের

ইতালিতে করোনায় একদিনে গেল চার বাংলাদেশির প্রাণ