TV3 BANGLA
বাংলাদেশ

ইতালীর রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটালো প্রবাসী বাংলাদেশীরা

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট নির্মাতা বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। একপর্যায়ে তিনি নিজেকে ছাড়িয়ে সড়ক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করতে দেখা যায়।

ভিডিওতে হামলাকারীদের বাংলা ভাষায় উচ্চস্বরে চিৎকার ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়। পাশাপাশি তারা বনি আমিনকে বারবার “মৌলবাদী” বলে সম্বোধন করছিল এবং একে অপরকে হামলা চালাতে উৎসাহিত করছিল বলেও ভিডিওতে শোনা যায়।

তবে হামলার প্রকৃত কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি প্রচারিত হলেও, সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যে একটি দাবিতে বলা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবির পক্ষেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণ করেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ভ্রমণবিষয়ক কনটেন্টের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট নির্মাতার ওপর প্রকাশ্যে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের পরিচয় উদঘাটন এবং ইতালির আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে কনটেন্ট ধারণ করতে গিয়ে বনি আমিন হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। সে সময়ও কয়েকজন বাংলাদেশি যুবকের বাধা ও হামলার মুখে পড়ার কথা তিনি জানিয়েছিলেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

দেশের ইতিহাসে প্রথমবার ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ দেখলামঃ দেবপ্রিয় ভট্টাচার্য

মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা

উড়োজাহাজের জ্বালানি সংকটে দেশ, মজুদ ফুরাচ্ছে কাল