ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তার এই বক্তব্যের পর ব্রিটেনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানচিত্রে ইউরোপের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে ব্রিটেনের তিনটি বিমানঘাঁটির নাম বিশেষভাবে আলোচনায় এসেছে।
লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইরান শুধু আশপাশের সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না; ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত দূরবর্তী মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।
তিনি আরও বলেন, এমন কিছু দ্বীপেও হামলা চালানো হতে পারে, যেগুলোকে যুক্তরাষ্ট্র মনে করে ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে।
এই হুঁশিয়ারির আগে ইরানের কট্টরপন্থী সংবাদপত্র হামশাহরি গত ৩ নভেম্বর ইউরোপের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করে। মানচিত্রে লাল চিহ্ন দিয়ে বিভিন্ন সামরিক অবস্থান দেখানোর পাশাপাশি লেখা হয়েছিল, ‘দেখা যাক কী ঘটে’। ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিও বিষয়টি প্রকাশ করেছে।
ইরানের সংবাদপত্রে প্রকাশিত মানচিত্রে ব্রিটেনের তিনটি বিমানঘাঁটির নাম রয়েছে। এগুলো হলো সাফোকের আরএএফ মিল্ডেনহল, একই কাউন্টির আরএএফ লেকেনহিথ এবং গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড। এসব ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্রিটেনে আরও দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার করে। এগুলো হলো নর্থহ্যাম্পটনশায়ারের আরএএফ ক্রাউটন এবং নর্থ ইয়র্কশায়ারের আরএএফ মেনউইথ হিল। তবে ইরানের সংবাদপত্রে প্রকাশিত মানচিত্রে এই দুটি স্থাপনাকে ব্রিটেনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়নি।
ইরানের হুমকির পর ব্রিটেনের সামরিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে এক্সপ্রেস জানিয়েছে, গত ৯ নভেম্বর সোমবার সাফোকের আরএএফ মিল্ডেনহল থেকে যুক্তরাষ্ট্রের দুটি জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে আরও কয়েকটি বিমান অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
একই সঙ্গে আরএএফ মিল্ডেনহল ও আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা বাড়িয়ে ‘ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লি’ পর্যায়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর।
এ বিষয়ে মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র এলবিসিকে বলেন, সামরিক কার্যক্রমের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা মন্তব্য করতে পারেন না। তবে বিভিন্ন পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করা হয়।
অন্যদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অন্য দেশের সামরিক তৎপরতা নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। তবে সামরিক প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে কেন্দ্র করে ইরান-সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন গোয়েন্দা তৎপরতার অভিযোগ ওঠে। এ ঘটনায় মোহাম্মদ আবদুলকরিম ও নওমান এসঘির নামের ২৪ বছর বয়সী দুই ব্যক্তির বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

