10.1 C
London
October 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এমন একটি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়েছে, যার প্রয়োজনীয়তা কেউ দাবি করেনি। ওবামার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা আক্রমণ করেছেন ট্রাম্প।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন ওবামা। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। তার মতে, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা অন্যতম বড় ভুল।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার প্রেক্ষাপটে এ বক্তব্য দিয়েছেন ওবামা। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

ওবামার বক্তব্যের জবাবে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি তাকে ‘অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট’ বলে আখ্যা দেন।

ট্রাম্প তার বক্তব্যে ২০১৫ সালে সম্পাদিত ইরানের পরমাণু চুক্তির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ওবামা প্রশাসন ইরানকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে তুষ্ট করার চেষ্টা করেছিল এবং এর মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের পথ সহজ করে দিয়েছিল।

ইরানের পরমাণু কর্মসূচি ও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে দুই সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের অবস্থানের পার্থক্য দীর্ঘদিনের। বর্তমান সংঘাতকে কেন্দ্র করে ওবামার সমালোচনা এবং ট্রাম্পের পাল্টা বক্তব্য সেই মতপার্থক্যকে আবারও সামনে এনেছে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ইরান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সামরিক অভিযানের প্রয়োজনীয়তা, এর অর্থনৈতিক প্রভাব এবং পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের বক্তব্য নির্বাচনী বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্রঃ আল-জাজিরা

এমকে

আরো পড়ুন

মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি

৪০ হাজারের বেশি মুসল্লি নিয়ে আল-আকসায় ঈদের জামাত

নিউজ ডেস্ক

ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন মুসলিম চিকিৎসক