10 C
London
March 2, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ইরান-ইসরায়েল যুদ্ধঃ ব্রিটিশ নাগরিকদের সতর্কবার্তা, জরুরি বৈঠকে লন্ডন

ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য সরাসরি হামলায় অংশ নেয়নি, তবে প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহলে রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই সামরিক অভিযান শুরু হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা জরুরি। তিনি ইরানকে আরও হামলা থেকে বিরত থাকা, অস্ত্র কর্মসূচি পরিত্যাগ এবং নিজ দেশের জনগণের ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।

লন্ডন জানিয়েছে, অঞ্চলে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি ও কর্মীদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী ইরানের পাল্টা হামলাকে “এলোপাতাড়ি” বলে অভিহিত করে বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সরাসরি সংঘাতের পক্ষ না হয়েও হামলার শিকার হয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে যুক্তরাজ্যের মাটিতে সম্ভাব্য প্রাণঘাতী একাধিক হামলায় ইরানের সংশ্লিষ্টতা ছিল। তাই ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস-এর সঙ্গে যৌথ বিবৃতিতে কিয়ার স্টারমার ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিন নেতা আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দিয়ে বলেন, ইরানের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলার জবাবে “চূর্ণবিচূর্ণ করে দেওয়া” প্রতিক্রিয়ার অঙ্গীকার করেছে। কাতারের রাজধানী দোহা ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের পাম জুমেইরাহ এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবিতে ফেয়ারমন্ট দ্য পাম হোটেলের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ঘটনায় বিমানবন্দরে সামান্য ক্ষতি হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইরানের হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পররাষ্ট্র দপ্তর ইসরায়েল ও ফিলিস্তিনে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতেও সতর্কতা জারি রয়েছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে ব্রিটিশ সরকারের জরুরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের এক মুখপাত্র বলেন, অঞ্চলে থাকা ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাৎক্ষণিক অগ্রাধিকার এবং পরিস্থিতি যেন বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সতর্কতা অব্যাহত রয়েছে।

ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমর্থন জানান। রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ ইরানের জনগণের জন্য শুভ ফলাফলের প্রার্থনা করেন।

লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি ট্রাম্পের সামরিক পদক্ষেপকে একতরফা আখ্যা দিয়ে যুক্তরাজ্যকে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন। গ্রিন পার্টির সহনেতা জ্যাক পোলানস্কি হামলাকে অবৈধ ও অযৌক্তিক বলে সমালোচনা করেন।

দ্রুত পরিবর্তনশীল এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক আকাশপথে চলাচলের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

অ্যাসাইলামপ্রার্থীদের প্রকাণ্ড আটককেন্দ্রে পাঠাবে হোম অফিস

অনলাইন ডেস্ক

ব্রিটিশ শিশুরা অলসতায় বিশ্বসেরাঃ গবেষণা

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত

নিউজ ডেস্ক