কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছাতে না দেওয়া—দুটি বিষয়েই যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে। উভয় দেশই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে সেখানে নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
শেনজেনে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৈঠক শুরুর খবর প্রকাশ করে। আলোচনার সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে শুধু ইরান ও হরমুজ প্রণালিই নয়, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বশান্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। ট্রাম্পের মতে, আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলা এবং বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দাবি, এই দুই বৃহৎ শক্তি একসঙ্গে কাজ করলে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা অন্য দেশগুলোর পক্ষে এককভাবে করা কঠিন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আয়োজনেরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি সম্মেলনটিকে অসাধারণ উল্লেখ করে বলেন, এর আয়োজনের প্রতিটি বিষয় অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কিছু আলোচনা গণমাধ্যমের সামনে প্রকাশ করা সম্ভব না হলেও সামগ্রিক আয়োজন নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
২০১৭ সালে নিজের প্রথম চীন সফরের স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, ওই সফরের পর থেকে শি জিনপিংয়ের সঙ্গে তার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। কেউ কেউ এই সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও তিনি নিজে এতে খুশি। দুই দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইরান ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থের কথা বললেও দুই দেশের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়েছে বলে বৈঠকের প্রাথমিক বক্তব্যে ঘোষণা দেওয়া হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ চীন ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা। ফলে তেহরানের ওপর কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বেইজিংয়ের সহযোগিতা চাইতে পারে ওয়াশিংটন।
সূত্রঃ বিবিসি
এমকে

