ইরানে কর্মরত রুশ কূটনীতিক ও বিশেষজ্ঞদের দেশটি থেকে সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে তেহরানে অবস্থিত রাশিয়ার দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ইরানে রুশ কূটনীতিকদের পাশাপাশি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞরাও অবস্থান করছেন এবং তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে পার্স টুডে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, কিছু ভিন্ন মতাবলম্বী গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে রুশ দূতাবাসের কর্মী এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি করা হয়।
এ ধরনের খবরের প্রতিক্রিয়ায় রুশ দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, দূতাবাসের কোনো কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কোনো রুশ বিশেষজ্ঞ ইরান ছেড়ে যাচ্ছেন না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানে রাশিয়ার সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। এর বিপরীত যেসব দাবি প্রচার করা হচ্ছে, সেগুলো মিথ্যা বলে উল্লেখ করেছে দূতাবাস। পাশাপাশি এসব প্রতিবেদন অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। কেন্দ্রটির কার্যক্রমে রাশিয়ার বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।
রুশ দূতাবাসের এই বিবৃতির মাধ্যমে ইরান থেকে কূটনীতিক ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবরকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হলো।
সূত্রঃ পার্স টুডে\ তাসনিম বার্তা সংস্থা
এমকে

