TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান ধ্বংসের হুমকিতে নিন্দার ঝড়, নৈতিকতার প্রশ্ন তুললেন পোপ

ইরানকে লক্ষ্য করে একটি সভ্যতা ধ্বংসের হুমকিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও এই হুমকিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

ইতালির কাস্তেল গান্দোলফোতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এটি শুধু আন্তর্জাতিক আইনের বিষয় নয়, বরং একটি গভীর নৈতিক প্রশ্ন, যা মানুষের সামগ্রিক কল্যাণের সঙ্গে সম্পর্কিত। তিনি চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কথা স্মরণ করার আহ্বান জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে নিজ দেশেই বিরোধিতা তীব্র হচ্ছে। কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তুলেছেন।

তিনি বলেন, “আমাদের দেশে একটি বোমাও পড়েনি, তবুও আমরা একটি সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করতে পারি না।” তিনি সংবিধানের পঁচিশতম সংশোধনী প্রয়োগের আহ্বান জানান, যার মাধ্যমে কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাকে অপসারণ করা যায়।

উল্লেখ্য, উনিশশো তেষট্টি সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর এই সংশোধনী কার্যকর করা হয়। এতে প্রেসিডেন্টের উত্তরাধিকার এবং বিশেষ পরিস্থিতিতে অপসারণের বিধান নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সম্মত না হয়, তবে “একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।” তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।

শুধু বিরোধী মহল নয়, তার ঘনিষ্ঠ মিত্রদের মধ্য থেকেও সমালোচনা উঠছে। ব্রিটিশ রাজনৈতিক নেতা নাইজেল ফারাজ বলেন, এই ধরনের বক্তব্য “সব সীমা অতিক্রম করেছে।” তিনি জানান, এমন মন্তব্যে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে এই ধরনের কড়া ভাষা ও হুমকি আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা আরও বাড়াচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন চাপ সৃষ্টি করছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

৩০০ কোটি টাকা বিতরণ করতে চান এক কোটিপতি

নিউজ ডেস্ক

বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্সে

নিউজ ডেস্ক

ফরাসি রেস্তোরাঁ মালিকের ‘মানুষ কেটে রান্না করার’—চাঞ্চল্যকর স্বীকারোক্তি