ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন হ্রাস করতে পারে। তিনি সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পদ ও মনোযোগ সরিয়ে নেয়ার ফলে ইউক্রেনের জন্য সরঞ্জাম ও সামরিক সহায়তা কমে যেতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, রাশিয়ার অবিরাম আকাশ হামলা মোকাবিলার জন্য ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জরুরি প্রয়োজন। তিনি বলেন, “আমাদেরকে স্বীকার করতে হবে যে আজ আমরা অগ্রাধিকারের তালিকায় শীর্ষে নেই। এজন্য আমি ভয় পাচ্ছি, দীর্ঘমেয়াদি (ইরান) যুদ্ধ আমাদের জন্য আমেরিকার সমর্থন কমাবে।”
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া যুদ্ধ থেকে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে এবং ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে। তিনি যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের আন্তর্জাতিক অংশীদারদের সতর্ক করে বলেন, এই ধরনের সহযোগিতা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট শীর্ষ কর্তাদের জন্য একটি কৌশলগত পরামর্শও দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইউক্রেন ইরানের ড্রোন মোকাবিলা ও গালফের আরব রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় তার বিশেষজ্ঞ জ্ঞান শেয়ার করতে প্রস্তুত, যা আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদি যুদ্ধ বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা ও সমর্থন ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জামের সরবরাহ, প্রভাবিত হতে পারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

