মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি তা ভবিষ্যতের জন্য নিঃশর্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন অভিবাসন আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুইজ্জু বলেন, প্রস্তাবিত অভিবাসন আইন অনুযায়ী ইসরায়েলি পাসপোর্টধারীরা কোনো পরিস্থিতিতেই মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। আগে নিষেধাজ্ঞাটি ইসরায়েলের গাজায় সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের শর্তের সঙ্গে যুক্ত ছিল। তবে নতুন আইনে সেই শর্ত তুলে দিয়ে নিষেধাজ্ঞাকে নিঃশর্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া গ্রহণযোগ্য নয়। প্রস্তাবিত আইনটি সরকারের এই অবস্থানকে আইনি কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করবে।
২০২৫ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ। ওই সময় প্রেসিডেন্ট মুইজ্জু দেশটির পার্লামেন্টে পাস হওয়া অভিবাসন আইনের সংশোধনীতে অনুমোদন দেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে নতুন প্রস্তাবের মাধ্যমে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। আগে ইসরায়েলের গাজা অভিযান বন্ধ হওয়ার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা যুক্ত ছিল। নতুন আইন কার্যকর হলে পরিস্থিতির পরিবর্তন হলেও ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
মুইজ্জু আরও বলেন, ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে মালদ্বীপ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরেছে। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আইনি প্রক্রিয়াতেও দেশটি ফিলিস্তিনের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছে।
মালদ্বীপ দীর্ঘদিন ধরে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গেও দেশটির এই অবস্থান সামঞ্জস্যপূর্ণ।
সূত্রঃ মিডল ইস্ট মনিটর
এমকে

