13 C
London
September 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলে নতুন নেতৃত্ব এলে ইরানকে পরাজিত করা সম্ভবঃ সাবেক মোসাদ কর্মকর্তা

ইসরায়েলের সাবেক মোসাদ ও শিন বেত কর্মকর্তা ডভোরা শরিফিয়ান বাখার বলেছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সরকার ক্ষমতায় এলে ইরানকে পরাজিত করার সক্ষমতা ইসরায়েলের রয়েছে। তবে এ ক্ষেত্রে আরও অনেক কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার রোশ হা-আইনে ইয়াশার পার্টির সংসদীয় প্রার্থী তালিকা প্রকাশের অনুষ্ঠানে দ্য জেরুজালেম পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে বাখার এসব কথা বলেন। পরবর্তী ইসরায়েলি নির্বাচনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আইজেনকোটের প্রার্থী তালিকায় বাখার ১৪তম অবস্থানে রয়েছেন। সাম্প্রতিক জনমত জরিপে ইয়াশার পার্টি প্রায় ২৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সে হিসেবে বাখারের নেসেটে প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাখার বলেন, মোসাদে তার ২০ বছরের কর্মজীবনের অন্যতম প্রধান বিষয় ছিল ইরান। তার ভাষায়, ইরানকে ঘিরে এখনও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, ইরানকে মোকাবিলা করে এবং নিরাপত্তা ফিরিয়ে এনে ইসরায়েল জয়ী হতে পারে।

ইরানের পাশাপাশি আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন বাখার। এর মধ্যে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহর নাম উল্লেখ করেন তিনি।

৪৪ বছর বয়সী বাখারের জন্ম ইরানের রাজধানী তেহরানে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের কয়েক বছর পর তার জন্ম হয়। তিনি সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ইরান থেকে ইসরায়েলে চলে আসেন। জেরুজালেম পোস্ট জানিয়েছে, মোসাদের গোপন অভিযানের মাধ্যমে তাকে ও তার পরিবারকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছিল।

ইসরায়েলে যাওয়ার পর বাখার একটি রক্ষণশীল ইহুদি পরিবারে বেড়ে ওঠেন। পরে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন।

সামরিক বাহিনীর দায়িত্ব শেষ করার পর তিনি প্রায় ২২ বছর নিরাপত্তা খাতে কাজ করেন। প্রথমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতে মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করেন। পরে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদে যোগ দেন।

বর্তমানে রাজনীতিতে সক্রিয় বাখার আগামী অক্টোবরের নির্বাচনে ইয়াশার পার্টির জয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আইজেনকোটের নেতৃত্বে তার দল নির্বাচনে জয়ের ভালো সুযোগ দেখছে এবং ইসরায়েলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

নির্বাচিত হলে ইরান ও জাতীয় নিরাপত্তার পাশাপাশি শিক্ষা খাতেও কাজ করতে চান বলে জানান বাখার। তিনি গত পাঁচ বছর ধরে শিক্ষকতা করছেন এবং কিরিয়াত শেমোনা থেকে ইলাত পর্যন্ত বিভিন্ন উচ্চবিদ্যালয়ে ফারসি ভাষা, গোয়েন্দা কার্যক্রম ও প্রতিরক্ষা বিষয়ে পড়ান বলে জানান।

বাখার ‘সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স: ইরান ট্র্যাক’ নামে একটি শিক্ষা কর্মসূচিও প্রতিষ্ঠা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে বিশেষ করে গোয়েন্দা ও সাইবার ইউনিটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করার কাজ করা হয়।

তার মতে, ইসরায়েলের প্রকৃত নিরাপত্তার অন্যতম ভিত্তি হলো শিক্ষা।

গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি সাম্প্রতিক অধিকাংশ জনমত জরিপে এগিয়ে রয়েছে বলে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে। দলটি বর্তমানে বিরোধী জোটের অংশ, যারা অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে প্রতিস্থাপনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

এম.কে

আরো পড়ুন

কানাডার নাগরিকত্ব পাবেন অবৈধ অভিবাসীরা

সামরিক ঘাঁটি স্থাপনের শর্তে সার্বভৌমত্ব পেল দ্বীপপুঞ্জটি

‘গজনি’খ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেইঃ শোকে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন