7.6 C
London
October 8, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসরায়েলে ব্রিটিশ কনস্যুলেট বন্ধঃ ২০টির বেশি কূটনীতিককে দেশ ছাড়তে বাধ্য করল ইসরায়েল

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কনসাল জেনারেলসহ ২০ জনের বেশি ব্রিটিশ কূটনীতিককে ইসরায়েল ছাড়তে হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কনস্যুলেটের কিছু কার্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও এর মূল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ কনস্যুলেটের কনসাল জেনারেল এবং অন্তত ২০ জন কূটনীতিক ইসরায়েল ছেড়েছেন। তার ভাষায়, এই পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল আগ্রহী ছিল না, তবে ব্রিটিশ লেবার সরকারের নেওয়া পদক্ষেপই তাদের এই অবস্থানে নিয়ে এসেছে।
তবে ব্রিটেন জানিয়েছে, জেরুজালেমে তাদের কনস্যুলেট ভবন পুরোপুরি বন্ধ হচ্ছে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ইসরায়েল সরকারের কনস্যুলেট বন্ধ করার আইনগত অধিকার ব্রিটেন স্বীকার করে না। ব্রিটেনের দীর্ঘদিনের অবস্থান হলো, পূর্ব জেরুজালেম দখলকৃত ভূখণ্ড।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনার পর কনস্যুলেট ভবনটি এখন থেকে ‘ইউকে মিশন, জেরুজালেম’ নামে কার্যক্রম চালাবে। এটি স্বাধীনভাবে পরিচালিত হবে এবং ব্রিটিশ নাগরিকদের গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সঙ্গে ব্রিটেনের কাজ অব্যাহত রাখবে।
ইসরায়েল এর আগে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের জন্য ৩০ দিনের সময়সীমা দিয়েছিল। গত ৮ সেপ্টেম্বর ব্রিটেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও অবৈধ বসতি-সংক্রান্ত কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েল এই পদক্ষেপ নেয়।
কনস্যুলেটটি প্রায় ২০০ বছর ধরে জেরুজালেমে ব্রিটেনের প্রতিনিধিত্ব করে আসছে। এটি তেল আবিবে অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে পৃথক। তেল আবিবের দূতাবাস ইসরায়েল সরকারের সঙ্গে ব্রিটেনের প্রধান কূটনৈতিক যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে। অন্যদিকে জেরুজালেমের কনস্যুলেট ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ব্রিটেনের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইসরায়েলের নির্দেশ কার্যকর হওয়ার সময় কনস্যুলেট ভবন থেকে ‘ব্রিটিশ কনস্যুলেট জেনারেল’ লেখা ফলকসহ অন্যান্য পরিচয়চিহ্ন সরিয়ে নেওয়া হয়। তবে ভবনটির ওপর ব্রিটিশ পতাকা উড়তে দেখা যায়।
ব্রিটিশ পররাষ্ট্র সচিব এড মিলিব্যান্ড জানিয়েছেন, কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য ব্রিটেন সাময়িকভাবে কয়েকজন কর্মীকে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে জেরুজালেমে ব্রিটিশ উপস্থিতি ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা করা হবে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেট বন্ধ হলে ব্রিটেন লন্ডনে থাকা ২৭ জন পর্যন্ত ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করার প্রস্তুতি নিচ্ছিল। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানিয়েছে, তারা ‘জল্পনা ও চলমান আলোচনা’ নিয়ে মন্তব্য করবে না।
এই কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত মূলত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে ব্রিটেনের অবস্থান পরিবর্তনের পর। ব্রিটেন পশ্চিম তীরে অবৈধ বসতি থেকে আমদানি নিষিদ্ধ এবং বসতি স্থাপনকারীদের সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
মিলিব্যান্ড ব্রিটিশ পার্লামেন্টে বলেন, পশ্চিম তীরে প্রস্তাবিত ই-১ উন্নয়ন প্রকল্প দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে অকার্যকর করে দিতে পারে, কারণ এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে এবং আপাতত ব্রিটেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নেবে না। ব্রিটেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর পার্টি কেলেংকারি: প্রীতি প্যাটেল ও ঋষি সুনাক দ্বন্দে

যুক্তরাজ্যে রিফর্ম ইউকে-তে নতুন বিশৃঙ্খলা, দল ছাড়লেন চেয়ারম্যান জিয়া ইউসুফ

মিনি-বাজেট বিপর্যয়ের পর বরখাস্ত হলেন ব্রিটিশ চ্যান্সেলর

অনলাইন ডেস্ক