ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সরাসরি মুখোমুখি বৈঠকের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এটি কয়েক দশকের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক যোগাযোগ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এছাড়া ড. অ্যান্ড্রু বেকার ও মাইকেল ভ্যান্সসহ একাধিক জ্যেষ্ঠ উপদেষ্টা এই বৈঠকে অংশ নিচ্ছেন।
এই উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন ও মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে চলমান সংঘাতের অবসান ঘটিয়ে একটি কার্যকর শান্তিচুক্তিতে পৌঁছানো।
হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনাকে ফলপ্রসূ করতে বিভিন্ন খাতের পূর্ণাঙ্গ মার্কিন বিশেষজ্ঞ দল ইসলামাবাদে উপস্থিত রয়েছে। পাশাপাশি, ওয়াশিংটন থেকেও অতিরিক্ত বিশেষজ্ঞরা ভার্চুয়ালি সহায়তা দিচ্ছেন।
কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে, এই সরাসরি সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং দীর্ঘদিনের বৈরিতার অবসানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

