ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, রিয়াল মাদ্রিদ ও ফেনারবাহচের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছে তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। তবে এ বিষয়ে ৫৩ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি এখনো নিজে কোনো প্রকাশ্য আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ তথ্য প্রকাশ করেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন, যিনি ব্রাজিলের সাও পাওলোতে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি জানান।
আলি শাহিনের ভাষ্য অনুযায়ী, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নেতা এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইসলামিক জুরিস্টসের (এএনএজেআই) সহ-সভাপতি ও ধর্মীয় উপদেষ্টা শেখ জিহাদ হাম্মাদেহ তাকে জানান যে, রবার্তো কার্লোস কিছুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরে প্রায় চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
সাও পাওলোর ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লীগ অব ব্রাজিলে অনুষ্ঠিত বৈঠকের পর আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। তিনি রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও তার পরিবারের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। ওই বৈঠকে ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লীগের সভাপতি শরিফ নেটো, পারি মসজিদ ফাউন্ডেশনের সভাপতি ওমর আরেফসহ ব্রাজিলের বিভিন্ন ইসলামি দাতব্য ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, রবার্তো কার্লোস সম্প্রতি স্পেনে বসবাসরত মরক্কো-জন্ম ফুটবল এজেন্ট সুহাইলা আত তোহিরিকে বিয়ে করেছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জিতেছেন। ক্লাব পর্যায়ে তিনি দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদ-এর হয়ে খেলেছেন এবং পরে তুরস্কের শীর্ষ ক্লাব ফেনারবাহচে-তে যোগ দেন। শক্তিশালী ফ্রি-কিক, আক্রমণাত্মক খেলার ধরণ এবং অসাধারণ ক্যারিয়ারের জন্য তিনি বিশ্ব ফুটবলের অন্যতম আইকন হিসেবে পরিচিত।
তবে ইসলাম গ্রহণের খবরটি ব্যাপক আলোচনার জন্ম দিলেও, রবার্তো কার্লোস নিজে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকাশ্য নিশ্চিতকরণ দেননি।
সূত্রঃ ডেইলি সাবাহ
এম.কে

