TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

উইগ ও মাস্ক পরে ড্রাইভিং পরীক্ষায় জালিয়াতিঃ ব্রিটেনে ৫ জনের কারাদণ্ড

ব্রিটেনের দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে ড্রাইভিং থিওরি পরীক্ষায় বড় ধরনের জালিয়াতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উইগ ও মুখোশ পরে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়া এবং পরীক্ষাকেন্দ্রের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অন্তত ১১৮টি পরীক্ষায় জালিয়াতি করা হয়। এ ঘটনায় প্রতারণার অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ১৮ হাজার পাউন্ড।

২০২১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্রয়ডনের পার্ক স্ট্রিটে অবস্থিত পিয়ারসন প্রফেশনাল সেন্টারে এই জালিয়াতি চলে। অর্থের বিনিময়ে প্রকৃত পরীক্ষার্থীদের পরিবর্তে অন্য ব্যক্তিরা পরীক্ষায় অংশ নিতেন। পরিচয় গোপন করতে তারা উইগ ও মাস্ক ব্যবহার করলেও সেগুলো এতটাই অসংগতিপূর্ণ ছিল যে, সিসিটিভি অপারেটর সহজেই তাদের সন্দেহজনক হিসেবে শনাক্ত করেন।

এই চক্রের অন্যতম সদস্য ছিলেন ৪২ বছর বয়সী সিদরাহ কুরেশি। তিনি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। জাল পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া এবং তাদের পরীক্ষার সনদ সরবরাহে সহযোগিতা করার অভিযোগে তাকে ৪৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চক্রটির অন্যতম সংগঠক ৩৪ বছর বয়সী আনোজান থাঙ্গারাগাহকে ৪৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যের পরিচয়ে পরীক্ষায় অংশ নেওয়া প্রধান দুই ব্যক্তি ৩৭ বছর বয়সী সাদ্দাম হুসেইন এবং ৩২ বছর বয়সী পুষ্পা কুমারা মরোগাম্মানা গেদারাকে যথাক্রমে ৩৬ ও ৩২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা দুজন মিলে মোট ৭০টি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ ছাড়া ৪৩ বছর বয়সী সাসিরাজ জোসেফকে ৪৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ অভিযান চালানোর সময় তিনি বার্তা পাঠিয়ে সহযোগীদের সতর্ক করেছিলেন। তার পাঠানো বার্তায় লেখা ছিল, ‘ভাই, টাকা সরিয়ে ফেলো, পুলিশ এখানে।’

তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ২৭ মে ছিল এই জালিয়াতির সবচেয়ে ব্যস্ত দিন। ওই এক দিনেই প্রায় ৫০টি ভুয়া পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রের দ্বিতীয় কক্ষটি কার্যত জাল পরীক্ষার কারখানায় পরিণত হয়েছিল।

আদালতের বিচারক হায়ামস-প্যারিশ বলেন, এই জালিয়াতি সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। কারণ, প্রকৃত পরীক্ষা না দিয়েই অর্থের বিনিময়ে ড্রাইভিং থিওরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ সংগ্রহ করছিলেন অনেকে। প্রতিটি জাল সনদের জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ হাজার পাউন্ড নেওয়া হতো।

ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। ভবনটিও বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের দরজায় এখন একটি বিজ্ঞপ্তি ঝুলছে, যেখানে লেখা রয়েছে—এখানে আর ড্রাইভিং থিওরি পরীক্ষা নেওয়া হয় না।

তবে এই ঘটনায় শুধু জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যদের নয়, অর্থ দিয়ে ভুয়া সনদ সংগ্রহকারী গ্রাহকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

চীনের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি, আটক ২

যুক্তরাজ্যে লেবার নেতাদের চাপের মুখে শাবানাঃ ইমিগ্রেশন ক্র্যাকডাউন বন্ধের দাবি

যুক্তরাজ্যে ফিরে আসছে ৭০-এর অর্থনৈতিক অস্থিরতা