TV3 BANGLA
বাংলাদেশ

উগ্রবাদী হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলাদেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলা ও নাশকতার আশঙ্কায় মৌলভীবাজারসহ দেশের সব মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশ ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদরদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা এই সতর্কবার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সরকারি যানবাহনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। একই নির্দেশনা সিলেট জেলা পুলিশসহ দেশের সব ইউনিটে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলা বা নাশকতার পরিকল্পনা করতে পারে। এ ধরনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কিংবা ডিউটি শেষে চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশের কোনো যানবাহন কোথাও ফেলে রাখা যাবে না। সাময়িকভাবে গাড়ি থামানোর প্রয়োজন হলেও তা নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে।

এ ছাড়া দেশের সব থানা, পুলিশ লাইনস ও অফিস কম্পাউন্ডে সংরক্ষিত সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তর এই নির্দেশনাকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব ইউনিটকে তা অবিলম্বে এবং কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

উত্তরায় যৌথবাহিনীর অভিযানে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে

ইংল্যান্ডের মাটিতে রেকর্ড রান চেজ করে বাংলাদেশের জয়

কানাডা থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ