24.1 C
London
June 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের তরুণ

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো মৌলভীবাজারের এক তরুণ শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন মুহিবুর রহমান।

নিহত মুহিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার সন্তান। সোমবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মুহিবুর রহমান উচ্চমাধ্যমিক পরীক্ষার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যান। প্রথমে তিনি মেক্সিকোতে যান, তবে সেখানে ভিসা বাতিল হয়ে যাওয়ার পর তিনি অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। সেই সময় একটি দালালচক্র তাকে প্রলোভন দেখায় যে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে ভালো বেতন পাওয়া যাবে এবং ভবিষ্যতে নাগরিকত্বও পাওয়া সম্ভব।

এই প্রলোভনে পড়ে তিনি রাশিয়ায় যান এবং পরবর্তীতে সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে দায়িত্ব পালন করার পর তিনি ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান বলে জানা গেছে।

পরিবার জানায়, মুহিবুর রহমান একটি বাংকারের ভেতরে অবস্থান করছিলেন, তখনই ড্রোন হামলায় সেটি ধ্বংস হয়ে যায়। তবে তার সঠিক মৃত্যুর সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধকালীন পরিস্থিতির কারণে নিহত সৈনিকদের মরদেহ দেশে ফেরত পাঠানো হয় না বলে জানা গেছে। ফলে মুহিবুরের মরদেহ ফেরত আসবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বিদেশে মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে যাওয়া এই তরুণের এমন করুণ পরিণতি স্থানীয়দের মধ্যে গভীর শোক ও হতাশার সৃষ্টি করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ঢাকায় হবে জাতিসংঘ মানবাধিকারের কার্যালয়ঃ উপদেষ্টা শারমিন

এস আলমের গাড়ি ‘সরাতে সহযোগিতা’, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত

ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান