যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের বক্তব্য ও যুদ্ধসংক্রান্ত দাবির সমালোচনা করেন।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে মোহসেন রেজায়ি ট্রাম্পকে মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একের পর এক ব্যর্থতার পরও ট্রাম্প শুধু কথা বলে যাচ্ছেন এবং তার বক্তব্য এখন নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।
ট্রাম্পকে উদ্দেশ করে রেজায়ি আরও বলেন, ‘নিজের কল্পনায় আপনি প্রতিদিনই জিততে পারেন। কিন্তু বাস্তবতা তৈরি করে ইরান; ইরানের জনগণ, সেনারা এবং ক্ষেপণাস্ত্র।’
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই পক্ষের বক্তব্যে যুদ্ধের পরিস্থিতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চলমান সংকটে ইরানের জনগণের সাহস ও প্রতিরোধের প্রশংসা করেছেন।
মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন বলেন, পুরো বিশ্ব পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানি জনগণের সাহস, বীরত্ব এবং প্রতিরোধ আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছে।
পুতিন আরও বলেন, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসির মধ্যে শক্তিশালী নেতৃত্ব রয়েছে। তার দাবি, এসব নেতৃত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের জনগণের স্বার্থে আত্মত্যাগে প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানকে খুব দ্রুত পরাজিত করা হবে। তিনি আরও দাবি করেন, ইরানের শাসকগোষ্ঠী আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে এবং সাত মাস ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হবে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরপরই এই বিজয় অর্জিত হতে পারে।
তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে ইরানের পক্ষ থেকে মোহসেন রেজায়ির বক্তব্যে দৃঢ় প্রতিরোধের বার্তা দেওয়া হয়েছে। ফলে দুই পক্ষের বক্তব্যে যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে স্পষ্ট মতপার্থক্য প্রকাশ পেয়েছে।
সূত্রঃ রয়টার্স
এমকে

