যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় কোরআন স্পর্শ করে শপথ নেবেন তিনি। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনের কপি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় গণমাধ্যম এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। এ সময় তিনি দুটি ঐতিহাসিক কোরআনের কপির কথা উল্লেখ করেন। এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন, অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপি।
এল-সাইয়েদ বলেন, তিনি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেবেন। তবে কোন কোরআনটি ব্যবহার করা হবে, তা এখনও নিশ্চিত হয়নি। জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের পাশাপাশি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রাচীন কোরআনটিও তার বিবেচনায় রয়েছে।
জেফারসনের কোরআনটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করে। ২০০৭ সালে প্রথম মুসলিম হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত কিথ এলিসন ওই কোরআনের কপি ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন। ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া এলিসন ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত জেফারসনের ১৭৬৪ সালের কোরআন অনুবাদের কপি ব্যবহার করেছিলেন।
গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে সিনেটর হিসেবে শপথবাক্য পাঠ করাবেন।
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা শুধু ধর্মীয় পরিচয়ের প্রকাশ নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় বৈচিত্র্য ও প্রতিনিধিত্বের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ উইয়ন নিউজ, এনপিআর
এমকে

