9.2 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ক্যানসার আক্রান্ত নেতানিয়াহুকে চিকিৎসার নথি জমা দেওয়ার নির্দেশ আদালতের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার চিকিৎসার যাবতীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রামলে ম্যাজিস্ট্রেট আদালত।

গত মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথমবারের মতো প্রকাশ করার পর আদালত এই আদেশ দিলো। নথিতে ক্যানসার কখন শনাক্ত হয়েছিল এবং এর চিকিৎসার বিস্তারিত বিবরণ থাকতে হবে।

বিচারক মেনাহেম মিজরাহি এক মানহানি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করেছেন। ২০২৪ সালে সাংবাদিক উরি মিসগাভ, বেন কাসপিট ও নেতানিয়াহুর কড়া সমালোচক গোনেন বেন ইতজাক দাবি করেছিলেন প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাদের এই মন্তব্যের বিরুদ্ধে নেতানিয়াহু মানহানির মামলা করেন।

গত মাসে নেতানিয়াহু নিজেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার এবং চিকিৎসা নেওয়ার কথা স্বীকার করেন। এর পরপরই সাংবাদিক উরি মিসগাভ আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ড. জভি বেরকোভিটস এবং ক্যানসার চিকিৎসার প্রধান অধ্যাপক অ্যারন পোপভতজারকে সাক্ষী হিসেবে তলব করার অনুরোধ জানান।

বিচারক মিজরাহি রুলিংয়ে জানিয়েছেন, নেতানিয়াহুকে তার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। তবে এই নথিগুলো ‘সিলগালা’ অবস্থায় থাকবে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।

আদালত নির্দেশ দিয়েছেন, নথিপত্রের সঙ্গে চিকিৎসক বেরকোভিৎসকে একটি স্বাক্ষর করা চিঠি জমা দিতে হবে। সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে নথিতে নেতানিয়াহুর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য এবং তার ‘প্রোস্টেট ক্যানসার প্রথম কবে ধরা পড়েছিল’ সেই সংক্রান্ত বিবরণ রয়েছে।

১৩ মে’র মধ্যে নেতানিয়াহুকে এসব রেকর্ড জমা দিতে হবে। বিচারক আরও জানিয়েছেন, এই মামলায় নেতানিয়াহু নিজে সাক্ষ্য দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ড. বেরকোভিটস ও অধ্যাপক পোপভতজারকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হবে কিনা।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

এম.কে

আরো পড়ুন

ফরাসি রেস্তোরাঁ মালিকের ‘মানুষ কেটে রান্না করার’—চাঞ্চল্যকর স্বীকারোক্তি

অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

ফরাসি বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটে ইউরোপজুড়ে ভ্রমণ বিপর্যয়, ৩০ হাজার যাত্রীর ছুটি ব্যাহত