6.7 C
London
February 4, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ক্যান্টনমেন্টে অস্ত্রসহ প্রবেশের চেষ্টাঃ জামায়াত প্রার্থীর আচরণে তীব্র প্রতিবাদ

ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ওই প্রার্থীকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণার দাবি জানানো হবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফ (অব.) প্রেরিত এক বিবৃতিতে বলা হয়, সংগঠনটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। নিরাপত্তার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা তাকে বাধা দিলে তিনি চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ শুধু দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যদের প্রতি অসম্মান নয়, বরং তা সরাসরি সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর আঘাত হানে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, কোনো রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার অধিকার দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়; এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা, যেখানে আইন ও বিধির প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ পরিহারের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় ‘পারসোনা নন গ্রাটা (PNG)’ ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাবে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও সতর্ক করা হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

মালয়েশিয়ায় চালু হচ্ছে অনলাইন বিশেষ পাশ

পিলখানা হত্যাকান্ডঃ ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ

জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যারে একের পর এক জালিয়াতির ঘটনা