6.6 C
London
March 1, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

খামেনি নিহতের খবরে বিভ্রান্তি, ইরান বলছে ‘মানসিক যুদ্ধ’ জয়ের চাল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন— এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, খামেনি জীবিত আছেন এবং দৃঢ়ভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে তথ্যযুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম অজ্ঞাতনামা জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, তার জানা মতে সর্বোচ্চ নেতা এবং দেশের শীর্ষ কর্মকর্তারা সুস্থ রয়েছেন। একই সঙ্গে খামেনির জনসংযোগ কার্যালয় মৃত্যুর খবরকে “মেন্টাল ওয়ারফেয়ার” বা মানসিক যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ আন্তর্জাতিক আগ্রাসনের জবাবে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ তার এই বক্তব্য প্রকাশ করেছে।

সংঘাত ক্রমেই আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের বিশ্লেষক মুসা কুলাকলিকায়া।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আঙ্কারা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে প্রস্তুত। তার মতে, ২০২৫ সালের ‘টুয়েলভ-ডে ওয়ার’-এর তুলনায় বর্তমান সংঘাত পুরো অঞ্চলে হামলা ও প্রতিশোধমূলক অভিযানের ঝুঁকি বাড়িয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া ফোন সাক্ষাৎকারে বলেন, ইরান যুদ্ধ থেকে বের হওয়ার জন্য কয়েকটি “অফ র‍্যাম্প” বা বিকল্প পথ রয়েছে। তিনি দাবি করেন, চাইলে দীর্ঘমেয়াদি অভিযান চালানো সম্ভব, আবার কয়েক দিনের মধ্যেও সংঘাত শেষ করা যেতে পারে। তার মতে, সাম্প্রতিক হামলার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের কয়েক বছর সময় লাগবে।

লন্ডনের কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রব গাইস্ট পিনফোল্ড বলেন, শুধুমাত্র এয়ার পাওয়ার ব্যবহার করে কোনো দেশে রেজিম চেঞ্জ সম্ভব নয়। তার মতে, স্থল সেনা মোতায়েন ছাড়া রাজনৈতিক পরিবর্তন বাস্তবসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে পূর্ব অভিজ্ঞতার কারণে এমন পদক্ষেপ প্রায় অকল্পনীয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই হামলা আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করে না এবং এটি ইসরায়েলি রেজিমের স্বার্থ পূরণের জন্য পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, ইরান যুদ্ধ চায়নি এবং কূটনৈতিক সমাধানের পথেই অগ্রসর হতে চেয়েছিল, তবে সংঘাত দেশটির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

চলমান হামলা, পাল্টা হুমকি এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্য নতুন এক বৃহৎ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে বিশ্লেষকদের আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

বিদেশীদের জন্য নতুন ভিসা চালু করছে দক্ষিণ কোরিয়া

আবারও ইউরোপের দূর্বল দেশ হবার পথে জার্মানি

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

নিউজ ডেস্ক