21.8 C
London
August 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

‘গজনি’খ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেইঃ শোকে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার ভয়ংকর খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য উপমহাদেশজুড়ে পরিচিত প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন প্রদীপ রাওয়াত। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। বি. আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে প্রথম দর্শকদের নজরে আসেন তিনি। এরপর চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করে নিজেকে শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

১৯৮৫ সালে ‘অ্যাতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ এবং ‘মেজর সাব’-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। তবে ২০০১ সালে ‘লগান’ সিনেমায় দেবা সিং সোধি চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।

এরপর ২০০৫ সালে তামিল ভাষার ‘গজনি’ এবং ২০০৮ সালে হিন্দি সংস্করণের ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার শক্তিশালী পর্দা উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করে।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ সিনেমায় তাকে শেষবারের মতো পর্দায় দেখা যায়।

অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে সেরা খল-অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার (তেলেগু) এবং নন্দী পুরস্কার অর্জন করেন তিনি।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা এবং অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন। দীর্ঘ অভিনয়জীবনে পর্দায় তার সৃষ্টি করা শক্তিশালী খলচরিত্রগুলো দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি ননঃ আইনজীবী

কোরআন শিখছেন আলোচিত সেই রুশ জেনারেল

ইতালিতে অ্যাসাইলাম আবেদনে নতুন আইন, গুনতে হবে ৫ হাজার ইউরো