পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার বিচার ও আইন খাতের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দেশটির বিচারব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে।
প্রকল্পের আওতায় গাম্বিয়ার বিচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের জন্য একটি সমন্বিত ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস) চালু করা হবে। এর ফলে মামলার তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে।
এছাড়া আদালতের কার্যক্রম নির্ভুলভাবে সংরক্ষণের জন্য দেশটির ছয়টি নতুন আদালতকক্ষে কম্পিউটার-নিয়ন্ত্রিত ট্রান্সক্রিপশন সিস্টেম (ক্যাটস) স্থাপন করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে আদালতের শুনানির বক্তব্য দ্রুত ও নির্ভুলভাবে নথিভুক্ত করা সম্ভব হবে।
প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ট্রুথ, রিকনসিলিয়েশন অ্যান্ড রিপারেশনস কমিশনের (টিআরআরসি) সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর মাধ্যমে বিচার ও জবাবদিহিতার প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড এর আগে ইউএনডিপির ১৬টিরও বেশি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। প্রতিষ্ঠানটি আফগানিস্তান, জাম্বিয়া, উগান্ডা, তুরস্ক এবং লেসোথোসহ বিভিন্ন দেশে ডিজিটাল গভর্ন্যান্স ও ই-সেবা খাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে।
বিশেষজ্ঞদের মতে, গাম্বিয়ার মতো একটি দেশের বিচারব্যবস্থার ডিজিটাল রূপান্তরের দায়িত্ব একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়া দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের সক্ষমতা ও আস্থার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

