ইউরোপের উন্নত দেশ অস্ট্রিয়ায় চাকরির আগাম প্রস্তাব ছাড়াই ছয় মাসের জন্য যাওয়ার সুযোগ রয়েছে উচ্চ যোগ্যতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের। দেশটির ‘জব সিকার ভিসা’ কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা অস্ট্রিয়ায় গিয়ে চাকরি খুঁজতে পারেন। বাংলাদেশি নাগরিকরাও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অস্ট্রিয়ার সরকারি অভিবাসনবিষয়ক ওয়েবসাইট মাইগ্রেশন ডট জিভি ডট এটির তথ্য অনুযায়ী, এই ভিসা মূলত ‘ভেরি হাইলি কোয়ালিফায়েড ওয়ার্কার্স’ বা অত্যন্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের জন্য। আবেদনকারীদের ১০০ নম্বরের পয়েন্টভিত্তিক মূল্যায়নে অন্তত ৭০ পয়েন্ট অর্জন করতে হয়। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত অর্জন, পেশাগত অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, বয়স এবং অস্ট্রিয়ায় পড়াশোনার বিষয় বিবেচনা করা হয়।
এই ভিসার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আবেদন করার সময় অস্ট্রিয়ার কোনো নিয়োগকর্তার চাকরির প্রস্তাব থাকা বাধ্যতামূলক নয়। তবে ভিসাটি দিয়ে সরাসরি চাকরি শুরু করা যায় না। ছয় মাসের মধ্যে নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির প্রস্তাব পেলে আবেদনকারী অস্ট্রিয়ার ‘রেড-হোয়াইট-রেড কার্ড’-এর জন্য আবেদন করতে পারেন। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে বৈধভাবে কাজ ও বসবাসের সুযোগ পাওয়া যায়।
পয়েন্ট ব্যবস্থায় বিশেষ যোগ্যতা ও দক্ষতার জন্য সর্বোচ্চ ৪০ নম্বর রাখা হয়েছে। অন্তত চার বছর মেয়াদি উচ্চশিক্ষা সম্পন্ন করলে ২০ পয়েন্ট পাওয়া যায়। গণিত, তথ্যপ্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তি—অর্থাৎ মিন্ট বিষয়ে ডিগ্রি থাকলে ৩০ পয়েন্ট পাওয়া যেতে পারে। পিএইচডি বা সমমানের উচ্চতর গবেষণাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ ৪০ পয়েন্ট রয়েছে। এ ছাড়া শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ের কাজের অভিজ্ঞতা, গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রম এবং স্বীকৃত পুরস্কারের ভিত্তিতেও পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে।
পেশাগত অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ ২০ পয়েন্ট বরাদ্দ রয়েছে। সংশ্লিষ্ট যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতি ছয় মাসের কাজের অভিজ্ঞতায় এক পয়েন্ট পাওয়া যায়। অস্ট্রিয়ায় ছয় মাসের কাজের অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ১০ পয়েন্ট দেওয়া হয়।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও পয়েন্ট রয়েছে। জার্মান অথবা ইংরেজি ভাষায় প্রাথমিক পর্যায়ের দক্ষতা—এ১—থাকলে পাঁচ পয়েন্ট এবং এ২ পর্যায়ের দক্ষতা থাকলে ১০ পয়েন্ট পাওয়া যায়। নির্দিষ্ট অন্যান্য ভাষায় দক্ষতার জন্যও সীমিত পয়েন্টের ব্যবস্থা রয়েছে।
বয়সের ভিত্তিতে ৩৫ বছরের কম বয়সীরা ২০ পয়েন্ট, ৪০ বছরের কম বয়সীরা ১৫ পয়েন্ট এবং ৪৫ বছরের কম বয়সীরা ১০ পয়েন্ট পান। ৪৫ বছর বা তার বেশি বয়সীরা বয়সের ক্ষেত্রে কোনো পয়েন্ট না পেলেও অন্যান্য যোগ্যতা মিলিয়ে প্রয়োজনীয় ৭০ পয়েন্ট অর্জন করতে পারলে আবেদন করতে পারেন। অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের অভিজ্ঞতার জন্যও সর্বোচ্চ ১০ পয়েন্ট পাওয়া যায়।
আবেদনের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র এবং ভাষাগত দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে। পেশাগত যোগ্যতার ধরন অনুযায়ী গবেষণা, উদ্ভাবন, পুরস্কার বা উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় কাজের প্রমাণও জমা দিতে হয়। অস্ট্রিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, জার্মান বা ইংরেজি ভাষায় নয়—এমন নথির অনুবাদ জমা দিতে হবে। প্রয়োজন হলে নথির সত্যায়িত বা বৈধকৃত কপিও চাওয়া হতে পারে।
আবেদনকারীকে নিজ দেশে অথবা যেখানে তিনি বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের দায়িত্বপ্রাপ্ত অস্ট্রীয় দূতাবাস বা কনস্যুলেটে সশরীরে আবেদন করতে হয়। আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর অস্ট্রিয়ার পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস—এএমএস—আবেদনকারীর যোগ্যতা ও পয়েন্ট যাচাই করে। প্রয়োজনীয় পয়েন্ট নিশ্চিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করে। তবে ৭০ পয়েন্ট অর্জন করলেই ভিসা নিশ্চিত হয় না; চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
অস্ট্রিয়ায় পৌঁছে ছয় মাসের মধ্যে নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির চুক্তি পেলে আবেদনকারী দেশটির দায়িত্বপ্রাপ্ত আবাসন কর্তৃপক্ষের কাছে রেড-হোয়াইট-রেড কার্ডের আবেদন করতে পারেন। চাকরিটি আবেদনকারীর যোগ্যতার সঙ্গে সম্পর্কিত এবং উপযুক্ত বেতনের হতে হবে। কার্ডের অনুমোদন পাওয়ার পরই সংশ্লিষ্ট চাকরিতে কাজ শুরু করার সুযোগ তৈরি হয়।
তবে ছয় মাসের মধ্যে উপযুক্ত চাকরি না পেলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অস্ট্রিয়া ছাড়তে হবে। শুধু জব সিকার ভিসা থাকার কারণে সেখানে কাজ করার অনুমতি পাওয়া যায় না। একইভাবে রেড-হোয়াইট-রেড কার্ড পেলেই সরাসরি স্থায়ী বসবাসের অধিকার তৈরি হয় না; এটি নির্দিষ্ট শর্তে বসবাস ও কাজের অনুমতি দেয়।
অস্ট্রিয়ার সরকারি অভিবাসন পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, পয়েন্ট ক্যালকুলেটর ব্যবহার করে আবেদনকারীরা প্রাথমিকভাবে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারেন। তবে ক্যালকুলেটরের ফলাফল চূড়ান্ত সিদ্ধান্ত নয়; আবেদনকারীর জমা দেওয়া নথি পরীক্ষা করেই কর্তৃপক্ষ প্রকৃত যোগ্যতা নির্ধারণ করবে।
সূত্রঃ অস্ট্রিয়ার সরকারি অভিবাসন পোর্টাল মাইগ্রেশন ডট জিভি ডট এভি, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস (এএমএস)।
এমকে

