TV3 BANGLA
ফিচার

ছয় বছর পর ফিরল নেটফ্লিক্সের ফ্রি ট্রায়ালঃ বিনা খরচে দেখা যাবে সিনেমা-সিরিজ

প্রায় ছয় বছর পর আবারও নির্বাচিত ব্যবহারকারীদের জন্য ফ্রি ট্রায়াল সুবিধা চালু করেছে বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নতুন এই অফারের আওতায় যোগ্য ব্যবহারকারীরা ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত বিনা খরচে সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্রসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন কনটেন্ট উপভোগ করতে পারবেন। তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নেটফ্লিক্সের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ব্যবহৃত ডিভাইস এবং অবস্থানের ভিত্তিতে ফ্রি ট্রায়ালের যোগ্যতা নির্ধারণ করা হবে। নতুন অ্যাকাউন্ট খোলার সময় যোগ্য ব্যবহারকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ১৫ বা ৩০ দিনের ফ্রি ট্রায়ালের অফার প্রদর্শিত হবে। যদি এমন কোনো অফার দেখা না যায়, তাহলে বুঝতে হবে ওই অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার জন্য নির্বাচিত হয়নি।

ফ্রি ট্রায়ালের মেয়াদও সবার জন্য একই নয়। কেউ ৩০ দিনের সুবিধা পাবেন, আবার কেউ পাবেন ১৫ দিনের ট্রায়াল। নতুন গ্রাহক আকৃষ্ট করতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে এই সুবিধা চালু করেছে নেটফ্লিক্স।

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। দীর্ঘ বিরতির পর এবার আবারও সীমিত পরিসরে সেই সুবিধা ফিরিয়ে আনা হলো।

ফ্রি ট্রায়াল পাওয়ার জন্য ব্যবহারকারীকে নেটফ্লিক্সের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আগে ব্যবহার করা হয়নি এমন একটি নতুন ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নিবন্ধনের সময় যদি ১৫ বা ৩০ দিনের ফ্রি ট্রায়ালের অফার দেখা যায়, তাহলে পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করে একটি বৈধ পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ট্রায়াল সময়জুড়ে বিনা খরচে কনটেন্ট দেখা যাবে।

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। নেটফ্লিক্সে স্বয়ংক্রিয় নবায়ন বা অটোপে সুবিধা ডিফল্টভাবে চালু থাকে। ফলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সাবস্ক্রিপশন বাতিল না করলে নির্বাচিত প্ল্যানের নির্ধারিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই সম্পূর্ণ বিনা খরচে এই সুবিধা উপভোগ করতে চাইলে ট্রায়ালের সময় শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর ফ্রি ট্রায়াল ফিরিয়ে আনার মাধ্যমে নতুন গ্রাহক আকর্ষণের পাশাপাশি বিভিন্ন বাজারে ব্যবহারকারীদের আগ্রহও যাচাই করতে চাইছে নেটফ্লিক্স। এই উদ্যোগ কতটা সফল হয়, তার ওপর ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ফ্রি ট্রায়াল চালুর সিদ্ধান্ত নির্ভর করতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ডিজিটাল আইডি চালু করেছে অ্যাপল, এখন আইফোনে দেখানো যাবে পাসপোর্ট

ডিসেম্বরে বাজারে আসছে টেসলার স্মার্টফোন ‘পাই’

অনলাইন ডেস্ক

শাফিন আহমেদের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোক

নিউজ ডেস্ক