বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তি অভিনেতা স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, এটি ছিল হঠাৎ ও অপ্রত্যাশিত একটি মৃত্যু এবং মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।
পরিবার এক বিবৃতিতে জানায়, সোমবার (১৩ জুলাই) সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা যান স্যাম নিল। তারা শোকের এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এবং পরবর্তীতে নিউজিল্যান্ডে বেড়ে ওঠা স্যাম নিল ২০২২ সালে স্টেজ-৩ অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা নামে এক ধরনের বিরল রক্তের ক্যান্সারে আক্রান্ত হন। পরে তিনি CAR T-cell therapy নামের অত্যাধুনিক ইমিউনোথেরাপির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি নিজেই জানিয়েছিলেন, চিকিৎসার পর তার শরীরে আর ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই। তার পরিবারও নিশ্চিত করেছে, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।
ক্যান্সারের বিরুদ্ধে নিজের লড়াই নিয়ে স্যাম নিল প্রকাশ্যে কথা বলেছিলেন। ২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনী ‘Did I Ever Tell You This?’-এ তিনি প্রথম ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেমোথেরাপি ছিল অত্যন্ত কষ্টকর, তবে সেটিই তাকে বাঁচিয়ে রেখেছিল। পরে চিকিৎসা কার্যকর না হলে CAR T-cell থেরাপি নেওয়ার পর স্ক্যানে শরীরে ক্যান্সারের কোনো চিহ্ন না পাওয়াকে তিনি “অসাধারণ” বলে বর্ণনা করেছিলেন।
অভিনয়জীবনে স্যাম নিলের সবচেয়ে স্মরণীয় চরিত্র ছিল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’-এর ড. অ্যালান গ্রান্ট। পরবর্তীতে তিনি এই জনপ্রিয় চরিত্রে আরও দুটি সিক্যুয়েলে অভিনয় করেন। এছাড়া ‘The Piano’, ‘Peaky Blinders’, ‘Sleeping Dogs’ এবং ‘Apples Never Fall’-সহ অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
তার অভিনয়জীবনের বড় সাফল্য আসে ১৯৭৭ সালের নিউজিল্যান্ডের চলচ্চিত্র ‘Sleeping Dogs’-এর মাধ্যমে। পরে ‘The Piano’ এবং ‘Jurassic Park’-এ অভিনয় তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। উল্লেখযোগ্যভাবে, ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রটি প্রথমে অভিনেতা হ্যারিসন ফোর্ডকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
স্যাম নিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক শোকবার্তায় তিনি বলেন, স্যাম নিল ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রজগতের এক অনন্য ব্যক্তিত্ব। অসুস্থতার সঙ্গেও তিনি যে সাহস, মর্যাদা ও রসবোধ নিয়ে লড়াই করেছেন, তা তার অভিনয়জীবনের মতোই অনুপ্রেরণাদায়ক। তিনি আরও বলেন, স্যাম নিলকে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
১৯৪৭ সালের সেপ্টেম্বরে উত্তর আয়ারল্যান্ডের ওমাঘ শহরে জন্মগ্রহণ করেন স্যাম নিল। তার মা ছিলেন ইংরেজ এবং বাবা ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক, যিনি সে সময় ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সাত বছর বয়সে পরিবারসহ তিনি নিউজিল্যান্ডে চলে যান। পরে নিজের নাম ‘নাইজেল’ থেকে পরিবর্তন করে ‘স্যাম’ রাখেন, যা পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত একটি নাম হয়ে ওঠে।
কয়েক দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে স্যাম নিল শুধু একজন সফল অভিনেতাই নন, বরং সাহস, পেশাদারিত্ব এবং মানবিকতার প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে

