7.5 C
London
March 8, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের খোঁচা স্টারমারকেঃ “যুদ্ধ জেতার পর যারা আসে, তাদের দরকার নেই”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে উদ্দেশ করে প্রকাশ্যে কটাক্ষ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি এখন গুরুত্ব দিয়ে ভাবছে, তবে সেই সহায়তা এখন আর প্রয়োজন নেই।

 

বার্তায় ট্রাম্প লিখেছেন, “এখন আর আমাদের তাদের প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে যুদ্ধ জিতে যাওয়ার পর যারা এসে যোগ দেয়, তাদের দরকার নেই।” তার এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক সমন্বয় নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মোতায়েনের জন্য ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতির সময়সীমা কমিয়ে আনার ফলে প্রয়োজনে দ্রুত এই বিশাল যুদ্ধজাহাজ মোতায়েন করা সম্ভব হবে। সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রেক্ষাপটে জাহাজটির ক্রুদের সম্ভাব্য মোতায়েনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দ্রুত বৈশ্বিক রূপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক দেশ ইতোমধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সেনা পাঠাচ্ছে, যাতে মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করা যায়।

সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। সাইপ্রাস, তুরস্ক ও আজারবাইজান ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবের মুখে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক অভিযান বিস্তৃত করছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, দুবাই মারিনায় অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা দাবি করেছে, ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগারেও হামলা করা হয়েছে। এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি রিফাইনারিতে হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে বলে জানানো হয়। ইরান আরও দাবি করেছে, বাহরাইনের জুফাইর ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প আগে বলেছিলেন, ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। এর জবাবে আরাঘচি বলেন, যদি যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ায়, তাহলে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে।

তিনি দাবি করেন, ট্রাম্পের “এক সপ্তাহের ভুল অভিযানে” ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তার ভাষায়, মার্কিন জনগণ মধ্যপ্রাচ্যের ব্যয়বহুল যুদ্ধে জড়ানো থেকে বেরিয়ে আসার জন্য ভোট দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন এক প্রশাসন পেয়েছে, যাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিনের চেষ্টার পর ইসরায়েলের যুদ্ধ লড়তে রাজি করাতে পেরেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আটকে পড়া নাগরিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আগামী সপ্তাহের শুরুতে একটি চার্টার ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ দূতাবাস। নির্দিষ্ট ফি দিয়ে ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি তাদের সঙ্গী ও ১৮ বছরের নিচে সন্তানরা এই ফ্লাইটে দেশে ফিরতে পারবেন।

সংঘাত শুরুর পর থেকে প্রায় ৬ হাজার ৫০০ ব্রিটিশ নাগরিক সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্যে ফিরে গেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত ১ লাখ ৬০ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য সরকারের কাছে নিজেদের উপস্থিতি নিবন্ধন করেছেন। বিশ্লেষকদের মতে, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়ছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

দুই-রাষ্ট্র সমাধান রক্ষায় বিশ্বনেতাদের ঐক্য, বাড়ছে ফিলিস্তিন স্বীকৃতি

রহস্যে ঘেরা ইরানি জেনারেল ইসমাইল ঘানিঃ আটক নিয়ে ছড়াচ্ছে নানা দাবি

লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে বি.ক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ নিহত