3.5 C
London
March 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

ট্রাম্পের পার্ল হারবার মন্তব্যে জাপান অপমানিত, কূটনৈতিক অস্বস্তি তুঙ্গে

ওয়াশিংটনের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পাশে বসিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে তীব্র কূটনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এক জাপানি সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পার্ল হারবার হামলার প্রসঙ্গ টেনে বলেন, “চমকের বিষয়ে জাপানের থেকে ভালো আর কে জানে? আপনারা কেন আগে থেকে আমাদের বলেননি?” এই মন্তব্যে উপস্থিত তাকাইচি দৃশ্যতই বিব্রত হন এবং তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

এই ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে আমেরিকা জাপানসহ মিত্র দেশগুলোর সহায়তা চাইছে। কিন্তু সহযোগিতা চাওয়ার মধ্যেই এ ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ট্রাম্প ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ, হরমুজ প্রণালীতে ইরানের হামলা প্রতিহত করতে কেউ আমেরিকার পাশে দাঁড়ায়নি। এমনকি পরোক্ষভাবে চীনের কাছ থেকেও সহযোগিতা চাওয়ার ইঙ্গিত দেন তিনি।

বর্তমানে হরমুজ প্রণালীতে শতাধিক তেলবাহী ট্যাঙ্কার ও জাহাজ আটকে আছে। ইরান জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন জাহাজগুলোকে তারা বাধা দেবে না। অন্যদিকে আমেরিকা মিত্র দেশগুলোকে প্রস্তাব দিয়েছিল, অর্থের বিনিময়ে তাদের জাহাজকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার করিয়ে দেওয়া হবে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে ইরান অবাধে চলাচলের সুযোগ দিচ্ছে।

এদিকে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট দাবি করেছিলেন, একটি মার্কিন রণতরী আটকে থাকা একটি জাহাজকে নিরাপদে বের করে এনেছে। তবে পরে মার্কিন সামরিক বাহিনী ও হোয়াইট হাউস উভয়েই এ দাবি অস্বীকার করে এবং জানায়, এখন পর্যন্ত কোনও জাহাজকে হরমুজ প্রণালী থেকে উদ্ধার করা হয়নি।

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করে তেল সরবরাহ করে থাকে। প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ৩৩ কিলোমিটার হওয়ায় এটি নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ, যা বর্তমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া পশ্চিম এশিয়ার সংঘাতের পর ইরান ধারাবাহিকভাবে একাধিক জাহাজে হামলা চালিয়েছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত অন্তত ৯টি ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া যায়।

সূত্রঃ ব্লুমবার্গ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের দৌড়ে পে-পাল

বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত

নিউজ ডেস্ক