যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলের এক কংগ্রেস সদস্য। ইরান যুদ্ধসহ ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি টমাস ম্যাসি।
সোমবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) হেগসেথকে অভিশংসনের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছেন টমাস ম্যাসি। এতে মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ইয়েমেন ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
চলতি সপ্তাহের মাঝামাঝি প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। ম্যাসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হলে হেগসেথের বিরুদ্ধে যে শুনানি ও বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে, তার তুলনায় বর্তমান উদ্যোগ অনেক বেশি নমনীয় হবে।
অভিশংসনের হুমকির মধ্যেই মঙ্গলবার বিরল এক সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন হেগসেথ। গত ১৮০ দিনেরও বেশি সময়ের মধ্যে এটিই হবে তার প্রথম সংবাদ সম্মেলন। সেখানে ইরান ও ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেওয়া সামরিক ও নীতিগত সিদ্ধান্তগুলোর পক্ষে যুক্তি তুলে ধরতে চান তিনি।
হেগসেথ বলেছেন, ‘এপিক ফিউরি’ ও ‘রাফ রাইডার’ সামরিক অভিযান কিংবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার বিষয়ে যারা আপত্তি তুলছেন, তারা মূলত মার্কিন সেনাদের অর্জন ও কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথ দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। তাকে কীভাবে অভিশংসন করা যায়, তা তিনি বুঝতে পারছেন না।
এদিকে, কংগ্রেসের পরবর্তী নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর হেগসেথের পাশাপাশি আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি চলছে।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রবার্ট গার্সিয়া জানিয়েছেন, আগামী বছর প্রতিনিধি পরিষদের গুরুত্বপূর্ণ ওভারসাইট কমিটির চেয়ারম্যান হওয়ার পর তিনি ইলন মাস্কের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকা এবং তার সময়কালে বিপুলসংখ্যক সরকারি কর্মীকে চাকরিচ্যুত করার বিষয়টি তদন্তের আওতায় আসতে পারে।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের ভূমিকা নিয়েও তদন্তের কথা জানিয়েছেন গার্সিয়া। মিনেসোটায় কেন্দ্রীয় এজেন্টদের অভিযানে দুজন নিহত হওয়ার ঘটনাসহ অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপ খতিয়ে দেখা হতে পারে।
ডেমোক্র্যাট নেতা ও প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরিসও হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন। এ কারণে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রতি ডেমোক্র্যাটদের জোরালো সমর্থন থাকবে।
তবে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস হলেই হেগসেথ স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন না। তাকে পদ থেকে সরাতে সিনেটে অভিশংসনের পক্ষে দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১০০ সদস্যের মধ্যে অন্তত ৬৭ জনের সমর্থন প্রয়োজন।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

