TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের ফটোসেশনে অস্বস্তিতে মোদিঃ ম্যানিলায় ক্যামেরার সামনেই বিব্রতকর পরিস্থিতি

ফিলিপাইনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ট্রাম্প দীর্ঘ সময় কথা বলতে থাকলে অন্য বিশ্বনেতাদের নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন মোদি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াডভুক্ত চার দেশের নেতাদের একটি সংক্ষিপ্ত ফটোসেশনে এ ঘটনা ঘটে। সেখানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
ফটোসেশনের সময় সাংবাদিকরা ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে সংক্ষিপ্ত ছবি তোলার আয়োজনটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের রূপ নেয়। ট্রাম্পও একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন।
এ সময় মোদিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। ট্রাম্পের বক্তব্য দীর্ঘ হতে থাকলে তিনি তাকে থামানোর চেষ্টা করে বলেন, ‘আমরা কি এবার যেতে পারি?’
তবে মোদির এমন অনুরোধের পরও ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা চালিয়ে যান।
একপর্যায়ে ট্রাম্প মোদির দিকে তাকিয়ে বলেন, ‘দেখুন, আমি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হই। খুব কঠিন প্রশ্ন।’ এরপর ভারতের প্রধানমন্ত্রীকে ‘খুব কঠিন মানুষ’ বলেও উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মোদির ১২ বছরের প্রধানমন্ত্রীত্বে তিনি কখনো পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনে অংশ নেননি। ফলে সাংবাদিকদের সামনে ট্রাম্পের এমন তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে তাকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়।
ঘটনাটি মঙ্গলবার এপেক সম্মেলনের ফাঁকে ঘটে। সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বিশ্বনেতারা।
সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট
এমকে

আরো পড়ুন

নেদারল্যান্ডসে ‘পুড়িও না, পড়’ কর্মসূচিতে কুরআন বিতরণ

১৮ শিশুর প্রাণ বাঁচাতে চলন্ত স্কুলবাসে ঝাঁপঃ মুসলিম যুবকের বীরত্বে মুগ্ধ যুক্তরাষ্ট্র

পারমাণবিক কর্মসূচি আরও জোরদারের ঘোষণা ইরানের