TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার সিদ্ধান্ত, ‘সাজানো বিশ্বকাপ’ অভিযোগে আরও উসকে দিল বিতর্ক

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে ঘিরে নেওয়া ফিফার এক সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। লাল কার্ডের কারণে আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করায় আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছেন এই ফরোয়ার্ড। এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন বলে একাধিক সূত্রের দাবি।

এই ঘটনাকে ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে—ফিফার সিদ্ধান্ত কি শুধুই ক্রীড়া আইনের ভিত্তিতে নেওয়া হয়েছে, নাকি রাজনৈতিক প্রভাবও এতে ভূমিকা রেখেছে? বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বালোগুনের দলে ফেরার সুযোগ পাওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।

রবিবার সিদ্ধান্ত ঘোষণার পরপরই বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। বিশ্লেষক, ভাষ্যকার ও সাবেক ফুটবলারদের একাংশ ফিফার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে শৃঙ্খলাবিধি প্রয়োগের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

তবে ট্রাম্প ও ইনফান্তিনোর কথিত ফোনালাপ নিয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে ফিফা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিতর্কের সূত্রপাত হয় বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে। ওই ম্যাচে ২৫ বছর বয়সী ফোলারিন বালোগুন বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করেন। তবে ম্যাচের একপর্যায়ে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুটের আঘাত করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো দাবি করেন, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ফাউল ছিল না এবং সিদ্ধান্তটি অতিরিক্ত কঠোর।

পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। ফিফা লাল কার্ড বাতিল না করলেও এক বিবৃতিতে জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বালোগুনের ম্যাচ নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

ফিফার ভাষ্য অনুযায়ী, এই পরীক্ষামূলক সময়ে যদি বালোগুন একই ধরনের বা সমমাত্রার আরেকটি শৃঙ্খলাভঙ্গ করেন, তাহলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং আগের নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত অতিরিক্ত শাস্তিও বহাল থাকবে।

ফিফা আরও জানিয়েছে, তাদের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ পরিস্থিতিতে কোনো শাস্তির সম্পূর্ণ বা আংশিক কার্যকারিতা স্থগিত রাখার ক্ষমতা রাখে।

এদিকে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বালোগুনের দলে ফেরার সুযোগ যুক্তরাষ্ট্রকে বাড়তি শক্তি দিলেও, ফিফার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলে সমতা, স্বচ্ছতা এবং নিয়ম প্রয়োগের নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

অ্যামাজনে অবৈধ সোনার খনি রুখতে রীতিমতো যুদ্ধ ঘোষণা

লন্ডনে জয়শঙ্করের সামনেই পতাকা ছিঁড়লেন ভারতীয়

ডেঙ্গুতে চলতি বছর ঝরতে পারে ৪০ হাজার প্রাণ