12.6 C
London
October 18, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে পুতুলের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। তদন্ত শেষে মামলাটিতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন পুতুল। তবে তদন্তে ওই অভিজ্ঞতার তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে দুদক।

তদন্তকারী সংস্থার অভিযোগ, সিভিতে এই অভিজ্ঞতার তথ্য ব্যবহার করে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন তিনি। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়েছিল বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় সিভিতে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নথি খোলার প্রক্রিয়া এবং তথ্য যাচাইয়ের সুযোগ না দিয়েই চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ডব্লিউএইচওর সদর দপ্তরে সংশ্লিষ্ট তথ্য পাঠানো হয়। দুদকের দাবি, এসব তথ্যের ভিত্তিতেই পুতুল ওই পদে নিয়োগ পেয়েছিলেন।

তদন্তে সিভিতে মিথ্যা তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করা হয়েছিল। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর এখন মামলাটিতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হলো।

সূত্রঃ টিবিএস

এমকে

আরো পড়ুন

দলের ভিতরে ব্যাপক অসন্তোষ: সিলেটের পাঁচ আসনেই পরিবর্তনের চাপ

নিউজ ডেস্ক

শেখ হাসিনা বার্নসহ ১৪ হাসপাতালের নাম পরিবর্তন

দুর্নীতির শঙ্কায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা