14.9 C
London
June 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডোনাল্ড ট্রাম্পপন্থী গোষ্ঠী ও রাশিয়ার আক্রমণের মুখে লন্ডনঃ সাদিক খান

লন্ডনকে আইনশৃঙ্খলাহীন ও অপরাধপ্রবণ নগরী হিসেবে তুলে ধরতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ‘মাগা’ গোষ্ঠী এবং রাশিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি দাবি করেছেন, প্রগতিশীল, উদারপন্থী ও বহুসাংস্কৃতিক নগরী হওয়ায় লন্ডনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

সংস্কৃতি ও সৃজনশীলতা বিষয়ক আন্তর্জাতিক উৎসব ‘এসএক্সএসডব্লিউ’-তে বক্তব্য দিতে গিয়ে সাদিক খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহার করে লন্ডনকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন শহরটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন ও অপরাধে নিমজ্জিত। তিনি বলেন, “চীন, রাশিয়া কিংবা মাগা-ঘনিষ্ঠ প্রভাবশালীরা লন্ডনকে পছন্দ করে না, কারণ এটি একটি প্রগতিশীল, উদার এবং বৈচিত্র্যময় শহর।”

লন্ডনের মেয়র আরও বলেন, “আমরা নিখুঁত নই, কিন্তু সংস্কৃতি, পর্যটন এবং সঙ্গীতের দিক থেকে আমরা বিশ্বের অন্যতম সেরা শহর।”

সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বহু ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে লন্ডনকে নারীদের বিরুদ্ধে সহিংসতা, ছুরি হামলা এবং অপরাধের কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এ ধরনের কনটেন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গ্রেটার লন্ডন অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৬ সাল পর্যন্ত ‘লন্ডনের পতন’ সম্পর্কিত পোস্ট প্রায় ২০০ শতাংশ বেড়েছে। এসব পোস্টে অভিবাসন, ইসলামায়ন, জনসংখ্যাগত পরিবর্তন, তথাকথিত ‘নো-গো জোন’ এবং শরিয়া আইন প্রতিষ্ঠার মতো বিষয় নিয়ে নানা দাবি ছড়ানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রচারণার সঙ্গে ট্রাম্পপন্থী মাগা-সমর্থিত গোষ্ঠী, যুক্তরাজ্যের চরম ডানপন্থী সংগঠন এবং রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সম্পৃক্ততা রয়েছে।

এর আগে সাদিক খান লন্ডনের বিরুদ্ধে পরিচালিত এসব প্রচারণাকে “অন্ধকারাচ্ছন্ন বিভ্রান্তিকর তথ্যের ঝড়” বলে অভিহিত করেছিলেন। চলতি বছরের এপ্রিলে তিনি অভিযোগ করেন, “ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং মিথ্যার একটি বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আসা এই প্রচারণার মোকাবিলা করা জরুরি।”

তবে সরকারি পরিসংখ্যান বলছে, লন্ডনে কিছু গুরুতর অপরাধের হার কমেছে। জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শহরটির হত্যাকাণ্ডের হার ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অন্যদিকে কিছু অপরাধের ক্ষেত্রে উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে। মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, ২০২৪ সালে মোবাইল ফোন চুরির ঘটনা ৮১ হাজার ৩৬৫টিতে পৌঁছায়, যদিও ২০২৫ সালে তা প্রায় ১২ শতাংশ কমেছে। একই সময়ে দোকান থেকে চুরির ঘটনা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার সাদিক খানের সমালোচনা করেছেন এবং তাকে “অপ্রীতিকর ব্যক্তি” বলে মন্তব্য করেছিলেন। ফলে লন্ডনের মেয়র ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সদ্য নিয়োগপ্রাপ্ত পর্যটনবিষয়ক প্রতিনিধি নিক অ্যাডামস লন্ডনের প্রশংসা করে বলেছেন, “আমি লন্ডনকে পছন্দ করি। বহুবার এখানে এসেছি। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মানুষই একে অপরের দেশে ভ্রমণ করতে ভালোবাসে।”

তবে সাদিক খানের সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হয়েছে যে, লন্ডনের ভাবমূর্তি এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে ব্রিটিশ ও মার্কিন রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে দ্বিতীয় বাড়ির মালিকদের কর দ্বিগুণ করবে কাউন্সিল

নিউজ ডেস্ক

লন্ডনের এনফিল্ডে ছিনতাইকারীর ধাক্কায় প্রাণ হারালেন ব্রিটিশ বাংলাদেশি জালাল খান

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সেনা ঘাঁটিতে স্থানান্তরঃ রিফিউজি কাউন্সিলের সমালোচনা