বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ কনটেন্ট নির্মাতা নাদির নিবরাস, যিনি অনলাইনে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত, এবার জায়গা করে নিয়েছেন নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে।
আমেরিকান ইউটিউবার ও ভ্রমণচিত্র নির্মাতা ড্রু বিংস্কির সঙ্গে নেটফ্লিক্সের ‘ড্রু বিংস্কি: আল্টিমেট ট্রাভেলার’-এর ‘বেস্ট অব’ মৌসুমের ১২তম পর্বে দেখা গেছে নাদিরকে। পর্বটির নাম ‘সারভাইভিং দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট ট্রাফিক’।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকার যানজট নিয়ে একটি প্রযোজনায় ড্রু বিংস্কিকে সহায়তা করেন নাদির। ওই পর্বে ঢাকার ব্যস্ত ও যানজটপূর্ণ সড়কে ড্রু বিংস্কিকে চলাচলে সহায়তা করতে দেখা যায় তাকে।
নাদির তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, গত বছর ঢাকার যানজট নিয়ে একটি প্রযোজনায় ড্রু বিংস্কির সঙ্গে কাজ করেছিলেন তিনি। সেই ভিডিও এখন নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে।
এর আগে ড্রু বিংস্কির ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। প্রকাশের প্রায় ১০ মাসের মধ্যে ভিডিওটি প্রায় ৬০ লাখ বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গন্তব্য নিয়ে ভ্রমণভিত্তিক কনটেন্ট তৈরি করেন নাদির নিবরাস। অন্যদিকে ড্রু বিংস্কি বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতি নিয়ে ভ্রমণভিত্তিক ভিডিও ও তথ্যচিত্র নির্মাণের জন্য পরিচিত।
সূত্রঃ টিবিএস
এমকে

