12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তাঃ ১ নভেম্বর থেকে ৫৬ জেলায় আবেদন

দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে অর্থায়ন দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়ার বিধানও রয়েছে নীতিমালায়।

গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচি নিয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন দেওয়া এবং স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়। জেলাটিতে আবেদন জমা হয়েছে ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

প্রথম পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এ পর্যায়ে আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠা, বিদ্যমান ব্যবসার সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনার মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার সুযোগ তৈরি হতে পারে।

তবে অর্থায়ন পেতে আবেদন করলেই সহায়তা নিশ্চিত হবে কি না, সে বিষয়ে আবেদনকারীদের সংশ্লিষ্ট নীতিমালা ও যাচাই-বাছাইয়ের শর্ত অনুসরণ করতে হবে। ঋণ ও অনুদান পাওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নীতিমালা ও নির্ধারিত আবেদন ফরম অনুসরণ করতে হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

সূত্রঃ চ্যানেল ২৪

এমকে

আরো পড়ুন

মমতাকে দুর্গাপূজার উপহার পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

বাতিল হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

অনলাইন ডেস্ক

রাজা চার্লসের অভিষেক কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্য