ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যুদ্ধবিরোধী ব্যানার বহন করে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা শহরের একটি কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে, যেখানে লেখা ছিল— “বোমা নয়, আলোচনা চাই! শেষ হোক অন্তহীন যুদ্ধ।” ইরানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে গণসমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এই কর্মসূচি পালন করে।
ইসরায়েল-ফিলিস্তিনি তৃণমূল সংগঠন স্ট্যান্ডিং টুগেদার-এর সহ-পরিচালক অ্যালন-লি গ্রিন অভিযোগ করে বলেন, পুলিশ তাদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তারা ইরানের সঙ্গে যুদ্ধের পাশাপাশি লেবানন ও গাজায় চলমান সংঘাত বন্ধের দাবিতেও এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, পশ্চিম তীরে চলমান সহিংসতারও অবসান ঘটাতে হবে। তার মতে, ইসরায়েলে প্রায়ই কোনো না কোনো সংঘাত চলমান থাকে, ফলে যদি জনগণকে প্রতিবাদ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা তাদের মতামত প্রকাশের সুযোগ থেকেও বঞ্চিত হবে।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ দেশটির অভ্যন্তরে যুদ্ধবিরোধী জনমতের প্রতিফলন এবং সরকারের ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

