9.8 C
London
October 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়াকে কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারিঃ সীমান্তে বাড়তে পারে উত্তর কোরিয়ার অস্ত্র

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্তে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সতর্কতামূলক গুলিবর্ষণ ও মাইকে সতর্কবার্তা প্রচারের অভিযোগ তুলে তিনি বলেছেন, পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। একই সঙ্গে সীমান্তে আরও কৌশলগত হামলার অস্ত্র মোতায়েন এবং লাউডস্পিকারে প্রচার কার্যক্রম আবারও চালুর বিষয়টি বিবেচনা করছে উত্তর কোরিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার সৈন্যরা সীমান্ত অতিক্রম করেছে—এমন অভিযোগে একাধিকবার সতর্কতামূলক গুলি ছুড়েছে এবং সতর্কবার্তা প্রচার করেছে বলে দাবি করেছেন কিম ইয়ো জং।

তিনি দক্ষিণ কোরিয়ার সরকারি নাম ‘রিপাবলিক অব কোরিয়া’ উল্লেখ করে বলেন, দেশটির সামরিক বাহিনীর ‘বেপরোয়া আচরণের’ কারণে দক্ষিণ সীমান্তে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কিম ইয়ো জং আরও বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিপক্ষকে প্রতিরোধ করতে সীমান্তে অতিরিক্ত কৌশলগত হামলার অস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লাউডস্পিকারে প্রচার কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় পুঁতে রাখা মাইনের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে দক্ষিণ কোরিয়া। সিউল পিয়ংইয়ংকে ক্ষমা চাওয়ার পাশাপাশি অন্য মাইন সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। তবে উত্তর কোরিয়া ওই বিস্ফোরণের দায় অস্বীকার করে এবং উসকানি দেওয়া হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেয়।

দুই কোরিয়ার সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বেড়েছে। উত্তর কোরিয়া সীমান্ত এলাকায় মাইন, কাঁটাতারের বেড়া, ট্যাংক প্রতিরোধী বাধা এবং অন্যান্য প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ জোরদার করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, এসব কাজের সময় চলতি বছর উত্তর কোরিয়ার সেনারা প্রায় ৫০ বার সামরিক সীমারেখা অতিক্রম করেছে। এর জবাবে দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি ছোড়ে এবং মাইকে সতর্কবার্তা প্রচার করে।

সীমান্তে লাউডস্পিকারে প্রচার দুই দেশের দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি কৌশল। দক্ষিণ কোরিয়ার বর্তমান উদারপন্থী সরকার গত বছর ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ হিসেবে এই প্রচার বন্ধ করে দেয়। পরে উত্তর কোরিয়াও তাদের নিজস্ব লাউডস্পিকার প্রচার বন্ধ করে।

এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। চীনের গণতন্ত্রপন্থী দলটির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছিলেন, কিম জং উন মারা গেছেন এবং তার বোন ক্ষমতা নিয়েছেন। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার কিমের কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিগুলোতে তাকে শিশুদের জুতা ও নারীদের কোটের একটি প্রদর্শনী পরিদর্শন করতে দেখা যায়।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

লিবিয়ায় উদ্ধারকাজের মধ্যেই দেখা গেলো প্রার্থনার দৃশ্য

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

ভারতে গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা