TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে তীব্র লড়াইঃ অগ্রসর হয়েও চাপে ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে একাধিকবার বিমান হামলার ঘটনা ঘটেছে এবং আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতির উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

সামরিক সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনারা বিইয়াদা শহরের প্রান্ত পর্যন্ত অগ্রসর হয়েছে। তবে হিজবুল্লাহ যোদ্ধারা এখনো তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে এবং লেবাননের ভেতরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত পেরিয়েও ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা বজায় রেখেছে তারা। সর্বশেষ প্রায় কয়েক ঘণ্টা আগে একটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

দক্ষিণ-মধ্য ফ্রন্টের গুরুত্বপূর্ণ এলাকা বিনতে জুবাইল দখলের চেষ্টায় ইসরায়েলি বাহিনী উল্লেখযোগ্য বাধার মুখে পড়েছে। কয়েকদিন আগে যেসব এলাকায় তারা প্রবেশ করেছিল, সেখান থেকে কিছু অবস্থান ছেড়ে পিছু হটতে হয়েছে বলে জানা গেছে।

এদিকে বেসামরিক জনগণের জন্য পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইসরায়েল নবাতিয়েহ অঞ্চলের বাসিন্দাদের নতুন করে সতর্কবার্তা দিয়েছে, যেখানে তাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় চলমান হামলার সরাসরি প্রভাবের মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকায় একটি নিরাপত্তা বেষ্টনী বা বাফার জোন তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে। তবে এই বাফার জোনের পরিধি বা বিস্তার কতটুকু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং এর মানবিক প্রভাব মারাত্মক আকার ধারণ করতে পারে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

স্কটল্যান্ড পুলিশ নিয়ে বিস্ফোরক মন্তব্য

প্রতি বছর ৬০ হাজার কর্মী নিবে জার্মানি

‘শান্তি পর্ষদে’ কানাডাকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার করে নিলেন ট্রাম্প