12.3 C
London
June 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দীর্ঘ সীমান্তে আকাশপথে নজরদারি বাড়াতে আধুনিক ড্রোন যুক্ত করছে বিজিবি

ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এবার বাহিনীটি বড় আকারের ফিক্সড-উইং ড্রোন কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে, যা সীমান্ত নজরদারিতে নতুন সক্ষমতা যোগ করবে।

 

এতদিন বিজিবি মূলত ছোট আকারের কোয়াডকপ্টার বা মাল্টি-রোটর ড্রোন ব্যবহার করে আসছিল। এগুলো সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারলেও ব্যাটারির স্থায়িত্ব তুলনামূলক কম—সাধারণত ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম এবং এর রেঞ্জও সীমিত।

কিন্তু দীর্ঘ ও দুর্গম সীমান্ত এলাকায় কার্যকর নজরদারির জন্য এখন দীর্ঘসময় আকাশে অবস্থান করতে সক্ষম ড্রোনের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পর্যবেক্ষণে ফিক্সড-উইং ড্রোনকে গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে। এসব ড্রোন একটানা কয়েক ঘণ্টা উড়ে বড় এলাকা পর্যবেক্ষণ করতে পারবে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দপ্তরের কমিউনিকেশন শাখার মাধ্যমে Open Tendering Method (OTM) প্রক্রিয়ায় এই ড্রোন সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য অনুযায়ী, এই প্রকল্পে কয়েক কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

নতুন ড্রোনগুলো পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা এবং সুন্দরবনের মতো নদীমাতৃক ও ঘন বনাঞ্চলে টহল ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেখানে স্থল টহল তুলনামূলকভাবে কঠিন।

এছাড়া চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এসব ড্রোনে উচ্চক্ষমতাসম্পন্ন থার্মাল ও নাইট-ভিশন ক্যামেরা থাকবে। এগুলো সরাসরি রিয়েল-টাইম ভিডিও বিজিবির নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে সক্ষম হবে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

সব মিলিয়ে, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নজরদারি আরও শক্তিশালী করার দিকেই এগোচ্ছে বিজিবি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি

সর্বোচ্চ মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, সর্বনিম্ন সিলেট

শেষ সময়েও বলপ্রয়োগে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা