10.6 C
London
October 18, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান

দুর্নীতির মামলায় বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডেইলি ওয়াদার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর কাতারের পুলিশ তাকে আটক করে। পরে ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে তার আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে দুদক।

দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডেইলি ওয়াদাকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ আবদুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করে।

প্রথম মামলায় তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৩ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় শেখ আবদুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, তাহমিদা বেগমের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

২০২৫ সালের মে মাসে ঢাকার একটি আদালত শেখ আবদুল হান্নান ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে তার, তার স্ত্রী এবং ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী, এসব হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা ছিল।

এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ফ্ল্যাট ও জমিসহ বেশ কয়েকটি সম্পত্তি জব্দের উদ্যোগ নেওয়া হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকার একটি আদালত শেখ আবদুল হান্নান ও তার স্ত্রীর কয়েকটি সম্পত্তি তত্ত্বাবধানের জন্য একজন রিসিভার নিয়োগ করেন। এর দুই মাস পর আরেকটি আদালত তদন্তের অংশ হিসেবে তাদের আয়করসংক্রান্ত নথি জব্দের নির্দেশ দেন।

সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটে শেখ আবদুল হান্নানের মালিকানাধীন ৩৪ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেন ঢাকার একটি আদালত। দুদকের পক্ষ থেকে বলা হয়, তদন্ত চলাকালে সম্পত্তিটি যাতে হস্তান্তর বা বিক্রি করা না যায়, সে জন্য এটি ক্রোক করা প্রয়োজন।

কাতারে আটকের পর শেখ আবদুল হান্নানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে সম্পর্কে ডেইলি ওয়াদার প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সূত্রঃ ডেইলি ওয়াদা

এমকে

আরো পড়ুন

আন্দোলনকারীদের দখলে গণভবন

ছাত্র-জনতার বিজয় যেন হাতছাড়া না হয়ঃ উদীচী

সমালোচনার পর সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চাওয়া পোস্ট