13.1 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় আছেন এবং তার দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সর্বোচ্চ আদালতে আবেদন করেন ইমরান খান। আবেদনটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। আদালতের প্রতিনিধি (অ্যামিকাস কিউরি) হিসেবে সালমান সাফদারকেও মেডিকেল টিমের সঙ্গে থাকতে বলা হয়।

স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল টিম যে প্রতিবেদন জমা দেয়, তাতে বলা হয়— ইমরান খান রক্ত জমাট বাঁধা-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে তার চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। বর্তমানে তার চোখের মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান আগে কখনও শারীরিক অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি। কিন্তু চোখের সমস্যা শুরু হওয়ার পর তিনি একাধিকবার বিষয়টি জানালেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর থেকে তার চোখের সমস্যা শুরু হয়। সালমান সাফদার জানান, ইমরানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এবং কথা বলার সময় তাকে বারবার টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা গেছে।

এ ছাড়া কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে তাকে আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইমরান খান অভিযোগ করেছেন, বাস্তবে তাকে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, কিংবদন্তি ক্রিকেটীয় জীবনের ইতি টেনে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন। পরে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান নিয়োগ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের জেরে তিনি রাজনৈতিক সংকটে পড়েন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং ২০২৩ সাল থেকে তিনি বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা কারাগারে রয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ব্রিকস সম্মেলনের আগে ভারত-চীন সীমান্তে নতুন বিতর্কঃ চাপের মুখে মোদি সরকার

বিনা অনুমতিতে হজ করলে জরিমানা, ফেরত পাঠানো হবে দেশে

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের