বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা আত্মবিশ্বাসী। এ লক্ষ্যে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনও করেছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই সময় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে ২০২৪ সালের অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে দ্রুত এসব নথি ইস্যু করার কথা বলা হয়েছে।
ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিকার অর্থেই দেশে ফিরতে চান। পাসপোর্ট না পেলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন বলেও জানান ওই নেতা।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ডের রায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। তার দাবি, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মুখোমুখি হতে হবে।
বাংলাদেশ সরকার এর আগে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। তবে শেখ হাসিনার শাসনামলে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভারত এখন পর্যন্ত বাংলাদেশের সেই দাবি উপেক্ষা করেছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
এ সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের ব্যবস্থা ছাড়া তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না।
শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে ইমেইলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতা-কর্মী কারাগারে রয়েছেন। দলটির অনেক নেতা-কর্মী আত্মগোপনেও আছেন।
বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার পরিকল্পনার পেছনে শেখ হাসিনার রাজনৈতিক সমর্থন পুনর্গঠন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে চাপে ফেলার কৌশল থাকতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। তবে নতুন সরকারকে মূল্যস্ফীতি এবং পোশাক কারখানা বন্ধ করে দেওয়া বিভিন্ন শ্রমিক আন্দোলনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের কয়েকজন জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তারাও দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবু দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি রয়েছেন। সেপ্টেম্বরে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।
এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন এবং শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাদের অনেককে দিল্লিতে ডাকা হয় বলেও জানিয়েছে গার্ডিয়ান।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

